মিরপুর-বনানী উড়ালসড়ক ২৭ মার্চ চালু
মিরপুর-বনানী উড়ালসড়ক ২৭ মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল শুক্রবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উড়ালসড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন। সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের অধীন ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে।পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের তিন মাস আগেই এই উড়ালসড়কের কাজ শেষ হচ্ছে। এ প্রকল্প চালু হলে রাজধানী ঢাকার যানজট কমবে। বৃহত্তর মিরপুরবাসী ঢাকা সেনানিবাসের মধ্য দিয়ে বাধাহীনভাবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। এটি ঢাকার নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি করবে।প্রকল্পের আওতায় মিরপুরের মাটিকাটা থেকে জিয়া কলোনি পর্যন্ত এক হাজার ৭৯৩ মিটার দীর্ঘ উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। সঙ্গে রয়েছে ৫৬১ মিটার সংযোগ সেতু। এর আগে গত ২৭ ডিসেম্বর বনানী রেলক্রসিংয়ে ৮০৪ মিটার দীর্ঘ একটি উড়ালসড়ক চালু হয়েছে এবং এর ওপর দিয়ে যান চলাচল করছে। সংযোগ সেতুটি বনানী রেলক্রসিং উড়ালসড়কের সঙ্গে বনানী-মিরপুর উড়ালসড়কের সংযোগ তৈরি করবে।বনানী উড়ালসড়ক, সংযোগ সেতু এবং রেলক্রসিংয়ের ওপর নির্মিত উড়ালসড়ক—এই তিনটি প্রকল্পই সেনাবাহিনী বাস্তবায়ন করেছে। প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, বনানী রেলক্রসিং ওভারপাস, সংযোগ সেতু ও মিরপুর-বনানী উড়ালসড়ক চালু হলে মিরপুরের সঙ্গে বিমানবন্দর সড়কের দূরত্ব হবে তিন কিলোমিটার। বর্তমানে মিরপুর থেকে বিমানবন্দর যেতে হলে আগারগাঁও হয়ে প্রায় ১১ কিলোমিটার পথ ঘুরতে হয়।