মিরপুর-বারিধারার ৯ ভবনে অভিযান, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত মিরপুর ও বারিধারা আবাসিক এলাকার নয়টি ভবনে অভিযান চালিয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুটি এলাকায় আলাদাভাবে এ অভিযান শুরু হয়। অভিযানে গাড়ি পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা স্থাপনা ও নির্ধারিত সীমা ছাড়িয়ে ফুটপাতে চলে আসা র্যাম্প (গাড়ি ওঠানামার জায়গা) উচ্ছেদের পাশাপাশি একটি বাণিজ্যিক হোটেল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া রাজউকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে নির্মিত ভবনে ব্যবসা পরিচালনার জন্য জরিমানা করা হয় তিন প্রতিষ্ঠান ও ভবনমালিককে।
এদিন রোকেয়া সরণির তালতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। অভিযানের শুরুতেই পশ্চিম কাফরুল এলাকার একটি ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা বেকারি প্রতিষ্ঠান মুসলিম সুইটস অ্যান্ড বেকারির একটি বিক্রয়কেন্দ্র উচ্ছেদ করা হয়। একইভাবে পাশের আরেকটি ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গায় মোটরগাড়ির যন্ত্রাংশ বিক্রির চারটি দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ভবনমালিক আবদুল হাফিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পাশাপাশি গড়ে ওঠা তিনটি আসবাবের দোকান পরিদর্শনে যান। এগুলো হচ্ছে এম এস ফার্নিশার্স অ্যান্ড ডোরস, শীতল কমপ্লেক্স ও জৌনপুর ফার্নিচার। দেখা যায়, যেসব ভবনে দোকানগুলোর কার্যক্রম চলছে, রাজউক থেকে তার কোনো অনুমোদনই নেওয়া হয়নি। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত ভবন ও দোকানমালিকদের এক লাখ টাকা করে জরিমানা করেন। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে দোকানের মালামাল সরিয়ে নিয়ে ভবনে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বারিধারা আবাসিক এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। সোহরাওয়ার্দী রোড থেকে শুরু হওয়া এই অভিযানে একটি আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি ফুটপাতের ওপর চলে আসা দুটি অবৈধ র্যাম্প উচ্ছেদ করা হয়।