মিরপুর বেড়িবাঁধে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ট্যাক্সিক্যাব আটক
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ থেকে পুলিশ গতকাল সোমবার ভোরে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহূত কালো রঙের একটি ট্যাক্সিক্যাব আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছে, তারা ট্যাক্সিক্যাব দিয়ে মিরপুর বেড়িবাঁধে ছিনতাই করত।পল্লবী থানা সূত্র জানায়, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য ভোরে সাদা পোশাকে মিরপুর বেড়িবাঁধে অবস্থান নেয়। এ সময় কালো রঙের একটি ট্যাক্সিক্যাবের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ সেটি আটক করে। ট্যাক্সিক্যাব থেকে ছিনতাইকারী আনোয়ার হোসেন (৩৫) ও আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।ওসি ইকবাল হোসেন জানান, আনোয়ার ও বাশার ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, গত শনিবার কালো রঙের একটি ট্যাক্সিক্যাবে করে তারা মিরপুর বেড়িবাঁধে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি আসলাম হোসেন এ বিষয়ে থানায় অভিযোগ করেন। তাঁর ছিনতাই হওয়া মুঠোফোনের সূত্র ধরে পুলিশ ছিনতাইকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। ছিনতাইকারীদের এই চক্রের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।