মিরপুর, মোহাম্মদপুর, রায়েরবাজার ও পুরান ঢাকায় গ্যাসের সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর, মোহাম্মদপুর, রায়েরবাগ ও আশপাশের কিছু এলাকায় এবং পুরান ঢাকায় আবারও গ্যাস-সংকট দেখা দিয়েছে। সরু পাইপের কারণে স্বল্প চাপের সমস্যা ছাড়াও রাজেন্দ্রপুরে সিটি গেট স্টেশনে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কিছু এলাকায় সরবরাহ বন্ধ রাখায় গ্যাস-সংকট বেড়েছে বলে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।
ডেমরা ও জয়দেবপুরের মতো রাজেন্দ্রপুরে তিতাসের ডিআরএস রয়েছে। গ্যাসক্ষেত্র থেকে এসব স্টেশনে গ্যাস জমা হয়। পরে বিভিন্ন স্থানে ওই গ্যাস বিতরণ করা হয়। রাজেন্দ্রপুর থেকে প্রধানত মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, আমিনবাজার, সাভারসহ বিভিন্ন স্থানে গ্যাস যায়।
চলতি সপ্তাহের শুরুতে রাজেন্দ্রপুরে ডিআরএস সংরক্ষণ কাজ শুরু হয়। সংরক্ষণ কাজের জন্য সঞ্চালন ও বিতরণ লাইন বন্ধ রাখায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিরপুরের ডিওএইচএসে। এ ছাড়া মোহাম্মদপুরের শেখেরটেক, আদাবর, ধানমন্ডি ২৮ নম্বর সড়ক, রায়েরবাজারেও কয়েক দিন ধরে গ্যাস-সংকট চলছে। এসব এলাকার বাসিন্দারা গত মঙ্গলবার তিতাস গ্যাস কোম্পানির জরুরি নিয়ন্ত্রণকক্ষে অভিযোগ করেছেন।
তবে তিতাসের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা জানান, অত্যন্ত জরুরি বলেই রাজেন্দ্রপুরে ডিআরএস সংরক্ষণ কাজ করতে হচ্ছে। সেখানে কাজ শেষ হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।
এদিকে পুরান ঢাকার কিছু এলাকায় প্রায় শীত মৌসুমের মতোই গ্যাসের সমস্যা চলছে। আরকে মিশন রোড, কেএম দাস লেনসহ আশপাশের এলাকা, গেন্ডারিয়া, তাঁতীবাজার, রাজারদেউড়ীসহ আশপাশের এলাকায় অনেক বাড়িতে দিনের বেলায় চুলা জ্বলছে না।
আরকে মিশন রোডের শাহজালাল মাহমুদা টাওয়ারের সোহাগী মজুমদার ক্ষোভ জানিয়ে বলেন, খুব সকালে ঘুম থেকে উঠেও রান্নার কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। সারা দিন চুলা জ্বলে টিমটিম করে।
রাজারদেউড়ীর বাসিন্দা সমীরণ পাল বলেন, শীতের আগে ও পরে তাঁর স্ত্রী রাত জেগে রান্না করতেন। এখন গরমকালেও গ্যাসের সমস্যা। তিনি প্রশ্ন করেন, ‘এ সমস্যা কি সারা বছরই থাকবে?’
রাখাল চন্দ্র বসাক লেনের বাসিন্দা আবদুল কুদ্দুস বলেন, ‘এবার শীতে রাইস কুকার কিনে ভাত রান্নার কাজ হয়েছে। বিদ্যুৎ বিল এসেছে অস্বাভাবিক। এখনো মাঝে মাঝেই রাইস কুকার ব্যবহার করতে হচ্ছে।’
গেন্ডারিয়ার রজনী চৌধুরী লেন, শশীভূষণ চ্যাটার্জি রোড, সতীশ সরকার লেনসহ আশপাশের এলাকায় সকাল আটটা থেকে সাত-আট ঘণ্টা চুলায় আঁচ প্রায় থাকে না বলেই এলাকাবাসী অভিযোগ করেছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়ন্ত্রণকক্ষ থেকে বরাবরের মতোই বলা হয়েছে, পুরান ঢাকার বিভিন্ন গলির প্রান্তসীমার বাড়িগুলোতে (পকেট এলাকায়) সাধারণত সরু পাইপের কারণে গ্যাসের স্বল্পচাপ থাকছে। তবে আসলেই কী কারণে গ্যাসের সমস্যা, নিয়ন্ত্রণকক্ষে অভিযোগ জানালে তা খতিয়ে দেখা হবে।