মিরপুর সেনানিবাসের আবাসিক ভবনে স্কুলছাত্র খুন
রাজধানীর মিরপুর সেনানিবাসের একটি আবাসিক ভবনে সামিন ইয়াসার ওরফে শাওন (১৪) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল সোমবার দুপুরে তার জবাই করা মৃতদেহ পুলিশ উদ্ধার করে। নিহত ছাত্রের বাবা ফরিদ আহমেদ অভিযোগ করেন, বন্ধু অথবা পরিচিত কারও হাতে তাঁর ছেলে খুন হয়েছে। নিহত শাওন মিরপুর ১৪ নম্বরে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র। তার বাবা সাভারে একটি পোশাক কারখানার কর্মকর্তা। মা হাসিনা বেগম মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে (এমইএস) নকশাকার (ড্রাফটসম্যান)। তাঁর চাকরির সুবাদে পরিবারটি মিরপুর সেনানিবাসের এমইএস কোয়ার্টারে বসবাস করে। শাওনের মা প্রথম আলোকে বলেন, শাওন ডায়রিয়ায় আক্রান্ত ছিল। এ কারণে স্কুলে যায়নি। সকাল নয়টার দিকে একবার ফোন করে ছেলের খোঁজও নেন তিনি। বেলা আড়াইটার দিকে বাসায় ফিরে দেখেন, দরজায় বাইরে থেকে তালা লাগানো। সঙ্গে থাকা অতিরিক্ত চাবি দিয়ে তালা খুলে দেখতে পান শোবার ঘরে আলমারি খোলা। মেঝেতে পড়ে আছে শাওন, তার গলা কাটা। তিনি জানান, ছেলেকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার জন্য তুলতে গিয়ে দেখেন তার দেহ নিথর। এরপর বিষয়টি ফোন করে অন্যদের জানান।শাওনের বাবা প্রথম আলোকে বলেন, তিন-চার মাস ধরে শাওন পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ে। সারা দিন ক্রিকেট খেলা ও বন্ধুদের নিয়ে মেতে থাকত সে। গত রোববার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলা দেখতে যায়। তিনি অভিযোগ করেন, ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিচিতদের মধ্যে কেউ এ ঘটনা ঘটিয়েছে। কারণ সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় ঢুকে বাইরের কেউ এ কাজ করতে পারবে না। তবে শাওনের মা বলেন, ঘরের কোনো জিনিস খোয়া গেছে কি না, সে ব্যাপারে তিনি এখনো নিশ্চিত হতে পারেননি। তবে শাওনের মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খলিফা প্রথম আলোকে বলেন, দুপুরে সেনাবাহিনীর চেকপোস্ট থেকে ফোন করে তাঁকে বিষয়টি জানানো হয়। তাঁর ধারণা, ছেলেটির বন্ধু অথবা পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। ওই বাসার রান্নাঘর থেকে বঁটি ও কাঁচি দিয়ে ছেলেটিকে খুন করা হয়েছে। রক্তাক্ত বঁটি, কাঁচি ও একটি শিলপাটার পাথর আলামত হিসেবে জব্দ করা হয়েছে।