মিরপুর স্টেডিয়াম এলাকায় টিকিট নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের টিকিট না পেয়ে মিরপুরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবিএল) ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। টিকিটপ্রত্যাশীরা আশপাশের গলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বেলা তিনটায় শুরু হওয়া এ সংঘর্ষ চলে সোয়া তিনটা পর্যন্ত। সংঘর্ষ চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আশপাশের ভবনগুলোতেও ইটের আঘাত লাগে।ব্যাংকের ম্যানেজার শাখার প্রধান অমলেন্দু রায় প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। লাইনে দাঁড়ানো প্রত্যেককে একটি করে টিকিট দেওয়া হয়েছে। মোট তিন হাজার ৮১৪টি টিকিট আমাদের এ শাখায় দেওয়া হয়। তিনটার সময় যখন ঘোষণা দেওয়া হয় যে টিকিট বিক্রি শেষ হয়েছে, তখন বাইরে থাকা লোকজন মারমুখী হয়ে ওঠেন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।’ তিনি বলেন, ‘টিকিট মাত্র তিন হাজার ৮১৪টি। আর সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে ১০ থেকে ১২ হাজার লোক। এত লোককে আমরা কীভাবে টিকিট দেব।’বিক্ষুব্ধ জনতার দাবি, যতগুলো টিকিট ছিল তা দেওয়া হয়নি। টিকিট সরিয়ে রাখা হয়েছে।