মিরপুর ১০ নম্বরে আবাসিক এলাকায় টেম্পোস্ট্যান্ড

কখনো ইজিবাইক, কখনো সিএনজি অটোরিকশা, কখনোবা টেম্পো। মিরপুর ১০ নম্বর সেকশনের বি ব্লকের আবাসিক এলাকার ভেতর দ্রুতগতিতে এসব যান চলাচল করায় এলাকাবাসী দুর্ঘটনার আশঙ্কা করছেন। আবাসিক এলাকার পরিবেশও বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, টেম্পোগুলো প্রচণ্ড শব্দে অত্যন্ত দ্রুতগতিতে ছুটতে থাকে। সকাল থেকে এই রাস্তায় শিশুরা স্কুলে যাওয়া-আসা করে। তাদের অভিভাবকেরা শিশুদের নিরাপদ চলাচল নিয়ে দুশ্চিন্তায় থাকেন। প্রতিযোগিতা করে চলাচলের কারণে অনেকেই দুর্ঘটনার আশঙ্কা করছেন। এ ছাড়া ওই এলাকার সরু রাস্তার মধ্যে যত্রতত্র গাড়ি থামানোর কারণে চলাচলে মানুষদের বিঘ্ন সৃষ্টি হয়। টেম্পোচালকদের কিছু বললেই তাঁরা বাসিন্দাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাত বছর আগে মিরপুর ১০ নম্বর সেকশনের সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের সামনে ইজিবাইক স্ট্যান্ড গড়ে তোলা হয়। যার নেপথ্যে ছিলেন ক্ষমতাসীন দলের পরিচয় দেওয়া কয়েকজন যুবক। এসব ইজিবাইক বি ব্লকের এক নম্বর সড়ক দিয়ে ১০ নম্বর সেকশনের পাঁচ নম্বর অ্যাভিনিউ পর্যন্ত যাত্রী বহন করত। যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হতো পাঁচ টাকা।
তবে ১০ নম্বর গোলচত্বরের প্রধান সড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়ে গেলে ইজিবাইক স্ট্যান্ডটি চলে আসে পাশের দুই নম্বর সড়কে। স্ট্যান্ড থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রায়ই ছোটখাটো সংঘর্ষ ও দুর্ঘটনা ঘটছিল। রাতের বেলা আলো না জ্বালিয়ে চলাচল করায় আবাসিক এলাকার সড়কে পথচারীরা দুর্ঘটনার শিকার হতেন বেশি। আদালতের নিষেধাজ্ঞার পর ইজিবাইক চলাচল বন্ধ হয়ে যায় বছর দেড়েক আগে। তখন কিছুদিন স্বস্তিতে ছিলেন এখানকার বাসিন্দারা। কিছুদিন যেতে না যেতে সিএনজি অটোরিকশা একইভাবে যাত্রী বহন শুরু করে। ২০১৫ সালে সিটি করপোরেশন নির্বাচনের পর সেখানে আবার টেম্পো স্ট্যান্ড গড়ে তোলা হয়। এলাকাবাসীর প্রতিবাদে স্ট্যান্ডটি সরিয়ে ফেলার নির্দেশ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম।
কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে আবারও টেম্পো চলাচল শুরু হয়। মিরপুর-গাবতলী রুটে চলাচলকারী টেম্পো এই স্ট্যান্ডে আনা হয়। মিরপুর ১০ নম্বর সেকশনের বি ব্লকের দুই নম্বর সড়ক থেকে টেম্পোগুলো চলছে পাঁচ নম্বর অ্যাভিনিউ বটতলা পর্যন্ত। বটতলার পাশেই রয়েছে ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলামের বাসভবন। মার্চ মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে টেম্পো রুটের উদ্বোধন করা হয়। এক মাসের মধ্যে এই রুটে টেম্পোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টি।