মিরপুর ১০ নম্বরের বাতাস বেশি দূষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের বাতাস বেশি দূষিত। আর লালবাগের বি সি দাশ লেন এলাকায় বাতাস অপেক্ষাকৃত নির্মল।

গতকাল বুধবার বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, স্টামফোর্ড ইউনিভার্সিটি ও ডব্লিউবিবি ট্রাস্টের যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা ঢাকার বায়ুদূষণ রোধে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে কার্যকর গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং বৃহত্তর পরিসরে সাইকেল-রিকশাসহ অযান্ত্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

অনিয়ন্ত্রিত যান্ত্রিক যানের কারণে ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে ঢাকার বাতাস। বাতাসে যেসব ক্ষতিকর উপাদান আছে, তার মধ্যে মানবদেহের জন্য সবচেয়ে খারাপ হচ্ছে বাতাসে ভাসমান পার্টিকুলেটেড মেটার বা পিএম ২.৫। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার প্রতি ঘনমিটার বাতাসে এর পরিমাণ ১৭২ মাইক্রোগ্রাম। সহনীয় মাত্রার চেয়ে যা ১০৭ মাইক্রোগ্রাম বেশি।

সেমিনারে ‘ইনক্রিজিং মটোরাইজেসন ইন ঢাকা: কস্ট অ্যান্ড কনসিকোয়োয়েন্সেস’ (ঢাকায় যান্ত্রিক যানের বৃদ্ধি: প্রভাব ও পরিণতি) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের জোসেফ ম্যাকেনটায়ার ও কানাডার স্টিভেন জোনস। তাঁরা দুজনই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকার ১২টি এলাকায় বাতাসে দূষণের মাত্রা নিয়ে গবেষণা করছেন। গবেষণার প্রাথমিক পর্যায়ের তথ্য তুলে ধরে তাঁরা সেমিনারে বলেন, বায়ুদূষণের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশে প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫–এর উপস্থিতি ৬৫ মাইক্রোগ্রাম থাকার কথা। মিরপুরে মূলত যান্ত্রিক যানবাহন, বিশেষত ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে সেখানে বায়ুদূষণের মাত্রা মানদণ্ডের থেকে প্রায় ৩ গুণ বেশি। বিপরীতে লালবাগের বি সি দাশ লেন এলাকায় মূলত অযান্ত্রিক যান চলাচল করে। এ জন্য সেখানে প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ মাত্র ৪০ মাইক্রোগ্রাম।

অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, পিএম ২.৫–এর নিরাপদ কিংবা সহনীয় মাত্রা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। এটি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সহজেই শরীরে প্রবেশ করে শ্বাসতন্ত্রের নানা রোগ ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। পিএম ২.৫-এর কারণ অ্যাজমা ও ফুসফুসের ক্যানসার হতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি-২০১৭’ শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে রয়েছে ভারতের নয়াদিল্লি। ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের করাচি ও চীনের বেইজিং শহর।

গতকালের সেমিনারে বক্তারা ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুদূষণ কমানোর ওপর জোর দেন। হেলথ ব্রিজের আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি আহমেদ কামরুজ্জামান মজুমদার, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন।