মিরপুরজুড়ে ছড়ানো বহু বধ্যভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মুক্তিযুদ্ধের পুরো নয় মাস সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা চালায় নির্যাতন ও গণহত্যা। দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। এগুলোর কোনো কোনোটিতে কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে।

আবদুল হামিদের বয়স এখন প্রায় ৫০ বছর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর সময় তাঁর বয়স ছিল সাড়ে ৩ বছর।
কয়েক দিন আগে মিরপুরের ভয়ংকর জল্লাদখানায় (এখন বধ্যভূমি স্মৃতিপীঠ) বসে প্রথম আলোকে বলেছিলেন, কীভাবে একাত্তরে মিরপুরের এই বধ্যভূমিতে তাঁর বাবাকে হত্যা করা হয়েছিল, তিনি শুনেছেন তাঁর দাদার কাছ থেকে।
আবদুল হামিদের বাড়ি ছিল মিরপুরে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পরই ওই এলাকার অবাঙালিরা (বিহারি) ওই এলাকার বাঙালিদের আতঙ্ক ও ভয় দেখাতে শুরু করে। এ রকম পরিস্থিতিতে একাত্তরের মার্চের ১৮ কিংবা ১৯ তারিখে সাভারের কুণ্ডা গ্রামে ফুফুর বাড়িতে আশ্রয় নেন তাঁরা। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ার জন্য তাঁর বাবা আবদুল হাকিম মাঝে মাঝে মিরপুরে আসতেন।
তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। শেষবার যেদিন আবদুল হামিদের বাবা মিরপুরে আসেন, সেটা ছিল শুক্রবার। সেবার গিয়ে আর ফিরে আসেননি তিনি। পরে তাঁরা জানতে পারেন, ওই দিন সেনপাড়া পর্বতায় আসার সময় বিহারিরা তাঁকে ধারালো যন্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। সেখান থেকে পরে মিরপুরের পানির পাম্পহাউসে নিয়ে গিয়ে হত্যা করা হয়। যুদ্ধ শেষে তাঁরা মিরপুরে ফিরে এসে জানতে পারেন, তাঁর বাবার মতো হাজার হাজার বাঙালিকে হত্যা করা হয়েছে ওই পাম্পহাউসে।
১৯৭১ সালে জনবিরল এলাকার এই পাম্পহাউসটিকে বধ্যভূমি হিসেবে বেছে নিয়েছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। ১৯৯৯ সালে মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় জল্লাদখানা নামে পরিচিত এই পরিত্যক্ত পাম্পহাউসে খননকাজ চালায়। পাওয়া যায় ৭০টি মাথার খুলি, ৫ হাজার ৩৯২টি অস্থিখণ্ড এবং শহীদের ব্যবহার্য নানা সামগ্রী। জল্লাদখানা স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক কে এম নাসির উদ্দিন বলেন, ১৯৭৩ সালে প্রথম দফায় এখান থেকে তিন ট্রাক হাড়গোড় জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়। এখানে ২০ থেকে ২৫ হাজার বাঙালিকে হত্যা করা হয় বলে ধারণা পাওয়া যায়।
মুক্তিযুদ্ধ, গণহত্যা ও একাত্তরের বধ্যভূমিবিষয়ক বইপুস্তক ও পত্রপত্রিকায় প্রকাশিত পুরোনো প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, একাত্তরে মিরপুরের অনেক এলাকাকে বধ্যভূমিতে পরিণত করেছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। এগুলো হলো জল্লাদখানা বধ্যভূমি, মুসলিম বাজার বধ্যভূমি, আলোকদি বধ্যভূমি, কালাপানি বধ্যভূমি, রাইনখোলা বধ্যভূমি, শিরনিরটেক বধ্যভূমি, সারেং বাড়ি বধ্যভূমি, গোলারটেক বধ্যভূমি এবং মিরপুর বাঙলা কলেজের আমবাগান। তবে সব কটি সংরক্ষণ করা হয়নি। সরেজমিনে মিরপুর বাঙলা কলেজের পেছনে দেখা গেছে, ডোবার মতো অরক্ষিত অবস্থায় রয়েছে বধ্যভূমিটি।
মিরপুরের বধ্যভূমিগুলোর মধ্যে জল্লাদখানা বধ্যভূমি ছিল সবচেয়ে ভয়ংকর। এটির পাম্পহাউসের কূপের সামনে স্থানটিতে শিরশ্ছেদ ও হত্যা করা হতো ধরে আনা বাঙালিদের। তারপর লাশ ফেলে দেওয়া হতো পানিভর্তি গহ্বরে। এলাকার বিভিন্ন স্থানে নিহত অনেকের লাশও এখানে ফেলে দেওয়া হতো।
ওই এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বিহারিরা পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এখানে হত্যাযজ্ঞে মেতে ওঠে। মিরপুরের ১০টি বধ্যভূমি শীর্ষক বইয়ে ওই সময়ের স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে জল্লাদখানা সম্পর্কে বলা হয়, ‘মরে যাওয়া মানুষের শরীরের পচা দুর্গন্ধে জল্লাদখানার পাশে যাওয়া যেত না। দিনের বেলাও গা ছমছম করে উঠত।’ সুকুমার বিশ্বাসের একাত্তরের বধ্যভূমি ও গণকবর বইয়ে জল্লাদখানা নিয়ে বলা হয়, ‘...৪০ ফুট গভীর ট্যাংকটি ছিল কঙ্কালে পূর্ণ।’
রায়েরবাজার বধ্যভূমি
একাত্তরের ২৫ মার্চ থেকেই ঢাকার রায়েরবাজার এলাকা হয়ে ওঠে আরেকটি বধ্যভূমি। মুক্তিযুদ্ধের ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর ও রাজাকাররা এখানে বাঙালি নিধনযজ্ঞ চালিয়েছিল। তবে এখানে সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞটি চালানো হয় ডিসেম্বরের ১০ তারিখ থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের আগ পর্যন্ত। এ সময় ঢাকার বিভিন্ন স্থান থেকে ধরে আনা বুদ্ধিজীবীদের এখানে হত্যা করে ফেলে রাখা হয় পরিত্যক্ত ইটভাটায়।
সুকুমার বিশ্বাসের একাত্তরের বধ্যভূমি ও গণকবর বইয়ে রায়েরবাজার বধ্যভূমি সম্পর্কে বলা হয়, রায়েরবাজার বধ্যভূমিতে কেবল হত্যাই নয়, বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষের লাশ নিয়ে এসে এই বধ্যভূমিতে ফেলে রাখা হতো। স্থানটি ছিল ফাঁকা ও নিরিবিলি। এলাকার দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার হবে। এ স্থানটিতে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়। নয়টি মাস কোনো বাঙালি এখানকার ইটখোলার রাস্তা দিয়ে যেতে সাহস করেনি।