মিরপুরবাসীর বিশুদ্ধ পানি পেতে আরও ১ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে পানির ঘাটতি অনেকটা কমে যাবে এবং এলাকাবাসী বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবে। তবে এর জন্য মিরপুরবাসীকে আরও অন্তত এক বছর অপেক্ষা করতে হবে। সাভারের ভাকুর্তায় গভীর নলকূপ বসিয়ে সেখান থেকে ৪৮ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে মিরপুরে এই পানি আসবে। ইতিমধ্যেই ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে সময়মতো শুরু করতে না পারায় ব্যয় বেড়েছে ১৭৩ কোটি টাকা। ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সূত্র জানায়, ২০১১ সালে শুরু করে দুই বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার কথা ছিল। তখন মোট ব্যয় ধরা হয়েছিল ৪০০ কোটি টাকা। কিন্তু অর্থ জোগানদাতার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ইত্যাদি কারণে কাজ শুরু হয় ২০১৫ সালে। ফলে জায়গার দাম, গভীর নলকূপের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাইপ ইত্যাদির দামও বেড়ে মোট ব্যয় দাঁড়ায় ৫৭৩ কোটি টাকা।

যোগাযোগ করা হলে গতকাল শুক্রবার রাতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, এক বছরের মধ্যে মিরপুরে সরবরাহ করা পানির সঙ্গে ভাকুর্তার এই পানি যুক্ত করা সম্ভব হবে। এতে পানির সমস্যা কমে যাবে।’ এই প্রকল্প থেকে দিনে প্রায় ১৫ কোটি লিটার পানি পাওয়া যাবে বলে জানা যায়।

সূত্র জানায়, রাজধানীর পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপ স্থাপন বিপজ্জনক হয়ে পড়েছে। আর মিরপুরে পানির স্তর নেমে যাওয়ার প্রবণতা অন্য এলাকার তুলনায় বেশি। সে কারণেই ভাকুর্তায় গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহত্তর মিরপুরের ১০০টির মতো গভীর নলকূপের বেশ কয়েকটির উত্তোলন ক্ষমতা কমে গেছে। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী বছরে সেখানে কমপক্ষে তিন মিটার করে পানির স্তর নেমে যাচ্ছে। প্রকল্প সূত্রমতে, সে জন্যই বাইরে থেকে পানি আনা হচ্ছে। খুব প্রয়োজন না হলে মিরপুরে আর গভীর নলকূপ বসানো হবে না। ভাকুর্তায় যে এলাকা থেকে পানি তোলা হবে, সেখানে ১৫ বছরেও পানির স্তর মোটামুটি ঠিক থাকবে। তবে সব নলকূপ সার্বক্ষণিকভাবে চালু রাখা হবে না।

ভাকুর্তায় ১৯ একর জায়গা নিয়ে ৪৬টি গভীর নলকূপ বসানো হচ্ছে। তবে জায়গাটি একসঙ্গে নয়, বিচ্ছিন্ন। এ পর্যন্ত সাতটি নলকূপ বসানোর কাজ শেষ হয়েছে। শেষের পথে আরও ছয়টি। বাকিগুলোর কাজ চলছে। ৪৮ কিলোমিটার পাইপলাইনের মধ্যে ২৫ কিলোমিটার টানা সম্ভব হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক পানি বিশেষজ্ঞ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ভূ-উপরিস্থ বা নদীর পানির ব্যাপক ব্যবহারের আগে এ ধরনের পানির ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখা যায়। তবে সাভারে প্রকল্প করে মিরপুরে বা যেখানেই সরবরাহ করা হোক, আলাদা লাইন করতে হবে। সাভার থেকে সঞ্চালন লাইন আলাদা তো হবেই, ঢাকায় বিতরণ লাইনও আলাদা করতে হবে। আগের লাইনের সঙ্গে আন্তসংযোগ দেওয়া হলে পানির বিশুদ্ধতা হারাবে। এই চিন্তা আগে থেকেই মাথায় রাখতে হবে।

ওয়াসা সূত্রে জানা যায়, সঞ্চালন লাইন আলাদা হলেও বিতরণ লাইন আলাদা করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।