মিরপুরে অপহৃত শিশুর লাশ সাভারে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থেকে অপহরণের ২৩ দিন পর মাহিম (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
মাহিম মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার ঝিলেরপার মোড়ের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে।
মিরপুর মডেল থানা-পুলিশের ভাষ্য, মাহিমের চাচা সুজন ও তাঁর কয়েকজন সহযোগী গত ১২ মার্চ মিরপুর থেকে শিশুটিকে অপহরণ করেন। এরপর মুঠোফোনে শিশুটির বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। এ ব্যাপারে মহিউদ্দিন ১৭ মার্চ সুজনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে এই থানায় মামলা করেন। মামলার পর পুলিশ গতকাল সুজন ও তাঁর সহযোগী শহীদুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে সাভার থেকে মাহিমের লাশ উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মাহিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।