মিরপুরে অস্ত্র ও গুলিসহ তরুণ গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পিস্তল ও গুলিসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে পৌর এলাকার নওয়াপাড়া চাষী ক্লাবের পাশ থেকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া তরুণের নাম মোন্তাজ আলী ওরফে মোন্তা (২৮)। তিনি নওয়াপাড়া এলাকার আজিজুল হকের ছেলে।পুলিশের ভাষ্যমতে, মোন্তাজ আলী আন্তজেলা ডাকাত দলের সর্দার। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। মিরপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুলিশ জানতে পারে নওয়াপাড়া এলাকায় মোন্তাজ আলীসহ ডাকাত দলের কয়েকজন সদস্য অস্ত্রসহ নওয়াপাড়া এলাকায় অবস্থান করছে। পরে রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় মোন্তাজকে পুলিশ আটক করে। রাতেই তাকে মিরপুর থানায় নেওয়া হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মোন্তাজকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।