মিরপুরে আ.লীগ ও পরিবহন শ্রমিক লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কে গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগ ও পরিবহন শ্রমিক লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে চিড়িয়াখানা সড়কের বিসিআইসি কলেজের সামনে বাস রাখা নিয়ে পরিবহন শ্রমিকনেতা দেলোয়ার হোসেনের সমর্থকদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা শেখ আব্দুল মান্নানের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। দেলোয়ারের সমর্থকদের হামলায় টিকতে না পেরে মান্নানের সমর্থকেরা বিসিআইসি কলোনিতে আশ্রয় নেন। এ সময় দেলোয়ারের সমর্থকেরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে বিসিআইসি কলোনিতে গেলে মান্নানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। প্রায় আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। শাহ আলী থানার পুলিশ সংঘর্ষ থামাতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বিসিআইসি কলোনির একটি দোকানসহ রাস্তায় কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দেলোয়ারের সমর্থকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতা মান্নান বিসিআইসি কলেজের সামনে বাস পার্কিং করায় সেখানে চাঁদাবাজি করে আসছেন। গতকাল দুপুরে তানজিল পরিবহনের নতুন বাস রাস্তায় নামানো হয়। ওই বাস বিসিআইসি কলেজের সামনে পার্কিং করার সময় মান্নানের সমর্থকেরা সেখানে চাঁদাবাজি করতে গেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুল মান্নান বলেন, পার্কিং থেকে চাঁদাবাজি করার প্রশ্নই ওঠে না। বিসিআইসি কলেজের সামনে বাস পার্কিং করায় শিক্ষার্থীরা উত্ত্যক্তের শিকার হচ্ছে। এখান থেকে পার্কিং সরাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা চাইতে গেলে পরিবহনকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁদের ওপর হামলা চালান।মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, আধিপত্যের বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।