মিরপুরে আগুনে পুড়ে বস্তিবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু
রাজধানীর শাহ আলী থানার উত্তর বিশিল এলাকার বস্তিতে গতকাল শুক্রবার ভোরে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে ইলিম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আগুনে অন্তত ২০০ কাঁচাঘর পুড়ে যায়। দমকল ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত পৌনে চারটার দিকে উত্তর বিশিলের ৩ নম্বর সড়কের ১৩/খ প্লটের একটি ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়ে। এ সময় ইলিম নামের এক যুবক দগ্ধ হয়ে মারা যান। আগুন নেভাতে গিয়ে সখিনা (৪৩), রনি (৯), হালিম (৩৪) ও জয় (২২) আহত হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।ফায়ার সার্ভিসের মিরপুর ও মোহাম্মদপুরের তিনটি স্টেশনের আটটি গাড়ি পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বস্তির লোকজন জানায়, ইলিম মিরপুর ১ নম্বরে একটি রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। তাঁর বাবার নাম আবু তালেব। ইলিম উত্তর বিশিলের ১২ নম্বর সড়কে একটি ভাড়া বাসায় থাকলেও বৃহস্পতিবার রাতে তাঁর মা-বাবাকে দেখতে বস্তিতে এসেছিলেন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, অগ্নিকাণ্ডে নিহত ইলিমের লাশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দাফনের জন্য তাঁর স্বজনদের কাছে দেওয়া হয়েছে।