মিরপুরে ঈদগাহ মাঠের ‘দখল ঠেকানো’ নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বর হাউজিং এস্টেট এলাকার মসজিদুল আকবর কমপ্লেক্সের ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা মিছিলের জন্য জড়ো হন। তবে স্থানীয় আওয়ামী লীগ সাংসদ আসলামুল হক মাঠ থেকে স্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে তাঁরা মিছিল থেকে বিরত হন। মসজিদ কমিটির আশঙ্কা, ক্রিকেট খেলার জন্য স্থায়ী স্থাপনা নির্মাণের ধারাবাহিকতায় মাঠটি দখল হয়ে যাবে।অশান্তির আশঙ্কায় গতকাল জুমার নামাজের আগে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। জুমার নামাজ শেষে সাংসদ আসলামুল হক মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘ঈদগাহ মাঠ মসজিদুল আকবর কমপ্লেক্সের অধীনেই থাকবে। সেখানে ঈদের নামাজ হবে, খেলাধুলাও হবে। মাঠ থেকে স্থায়ী স্থাপনা দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়া হবে।’ তবে সাংসদের সঙ্গে থাকা দলীয় অনেক নেতা-কর্মীকে এর বিরুদ্ধে কথা বলতে শোনা যায়।এলাকার কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, মসজিদুল আকবর কমপ্লেক্সের নিয়ন্ত্রণাধীন এ জায়গা ১৯৬২ সাল থেকে ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে। এ বছরের শুরুতে ‘ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি’ নামের একটি প্রতিষ্ঠান মাঠের এক অংশে স্থায়ী ক্রিকেট পিচ ও মোটা লোহার পিলার দিয়ে টিনের ছাউনি নির্মাণ করে। মসজিদ কমিটি থানা পুলিশ ও স্থানীয় সাংসদের কাছে অভিযোগ করলে সম্প্রতি ছাউনির চালটি শুধু খুলে নেওয়া হয়। ‘ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি’ সম্প্রতি মাঠের উন্নয়নকাজের উদ্যোগ নেয়। এর উদ্যোক্তা ও প্রশিক্ষক সাবেক ক্রিকেটার মো. মুজিবুর রহমান।জানতে চাইলে মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এলাকার জন্য কিছু করার ইচ্ছা থেকে এই ক্রিকেট একাডেমি করেছি। অন্য কোনো উদ্দেশ্য নেই।’ তবে এলাকার অনেক বাসিন্দাই মনে করেন, ক্রিকেট একাডেমির পেছনে আছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের একটি অংশ। তারা এলাকার ছেলেদের খেলাধুলার সুযোগের যুক্তি দেখিয়ে মাঠে নির্মিত স্থায়ী স্থাপনা না সরানোর পক্ষে কথা বলছেন। কিন্তু মসজিদ কমপ্লেক্সের পরিচালনা কমিটির সদস্যদের আশঙ্কা, এ স্থাপনা না সরালে একসময় মাঠটি দখল হয়ে যেতে পারে। মসজিদুল আকবর কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, ‘গত ৫০ বছর ধরে এ জায়গায় ঈদগাহ এবং খেলাধুলা একসঙ্গে চলছে। কমিটি কোনো সময় বাধা দেয়নি। স্থায়ী স্থাপনা করার পর আমরা আপত্তি জানিয়েছি। আমরা মনে করি, এটি মাঠ দখলের চক্রান্ত।’