মিরপুরে এক হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
মিরপুরের দুয়ারীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুয়ারীপাড়া বাসস্ট্যান্ড এলাকার প্রায় ৫০০ ফুট অবৈধ গ্যাস-সংযোগের পাইপ উচ্ছেদ করা হয়।
গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই অভিযান চালানো হয়৷ অভিযান পরিচালনা করেছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। তিনি প্রথম আলোকে বলেন, সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযান চলাকালে ওই এলাকার বাসাবাড়ি, দোকানপাট ও কারখানার প্রায় এক হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সরবরাহে অবৈধ পাইপ ও মালামাল জব্দ করা হয়।
তৌহিদ এলাহী বলেন, অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।
উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস ঢাকা মেট্রো-৬ শাখার ব্যবস্থাপক রেজাউল হক, মনিরুজ্জামান, উপব্যবস্থাপক মিজানুর রহমান, মোখলেছুর রহমান, মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।