মিরপুরে কথিত পীর খুনের ঘটনায় অন্ধকারে পুলিশ
মিরপুরের দারুস সালাম এলাকায় নূরজাহান বেগম নামের (৭২) কথিত পীরকে গলা কেটে হত্যার তদন্তে পুলিশ এখনো অন্ধকারে। হত্যাকাণ্ড সম্পর্কে কোনো সূত্রই তারা পাচ্ছে না।
গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে দারুস সালামের সিটি কলোনির একটি ঘরে নূরজাহান বেগমের লাশ পাওয়া যায়। ১০-১৫ হাত লম্বা টিনের ছাউনির এই ঘরে প্রায় আট বছর ধরে থাকতেন তিনি। কলোনির লোকজন তাঁকে ‘পাগলি মা’ বলে ডাকতেন। কলোনির বাইরে দেশের বিভিন্ন অঞ্চলেও তাঁর ভক্ত আছে। প্রতিদিন শতাধিক ভক্ত নূরজাহান বেগমের সঙ্গে দেখা করতে আসতেন।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ভক্তরাই তাঁকে সিটি কলোনির ঘরটি তৈরি করে দেন। দিনের বেশির ভাগ সময়ই নূরজাহান বেগম ঘরের ভেতর থাকতেন। মাঝেমধ্যে এক-দিন, দুই দিনেও ঘরের দরজা খুলতেন না। প্রায়ই সকালে কেটলি ভর্তি চা ও পান নিয়ে তিনি ঘরের দরজায় বসে থাকতেন। ভক্তরা তাঁর সামনের খোলা জায়গায় বসতেন। স্থানীয় ব্যক্তিরা কখনো নূরজাহান বেগমকে গোসল করতে দেখেননি। নতুন কোনো কাপড় পরার পর সেটি নোংরা হয়ে না ছিঁড়ে যাওয়া পর্যন্ত তিনি সেটিই পরতেন।
পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে নূরজাহান বেগমের ঘরের দরজা ভেজানো অবস্থায় ছিল। এক ভক্ত তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢুকে নূরজাহান বেগমের গলা কাটা মরদেহ পান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দারুস সালাম থানায় একটি মামলা করেছে।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সহকারী কমিশনার (দারুস সালাম জোন) সৈয়দ মামুন মোস্তফা বলেন, এই হত্যাকাণ্ড সম্পর্কে এখনো কোনো সূত্র (ক্লু) পাওয়া যায়নি। নূরজাহান বেগম সব সময় দুই হাতে ১০টি সোনার আংটি, সোনার চুরি, গলায় রুপার চেইন ও কানে সোনার পাশা পরতেন। মরদেহ উদ্ধারের সময় এই অলংকারগুলো পাওয়া যায়নি। সে কারণে হত্যাকাণ্ডে কোনো মাদকসেবী বা চোরের যোগসূত্র থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। তিনি বলেন, আশপাশের অলংকারের দোকান, জুয়ার বোর্ডসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো বিশেষ কিছু পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, ধারালো অস্ত্র দিয়ে নূরজাহান বেগমকে জবাই করা হয়েছে। অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি। এই হত্যাকাণ্ডের পেছনে জঙ্গি বা উগ্রবাদী কোনো সংগঠন জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তা ছাড়া নূরজাহান বেগমের কাছে কেন লোকজন আসতেন, নূরজাহান বেগম কোনো জঙ্গি সংগঠনের নিশানায় পরিণত হয়েছিলেন কি না, সে ব্যাপারেও তদন্ত চলছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটও কাজ করছে।
এর আগে রাজধানীর বাড্ডায় একই কায়দায় খিজির খানকে তাঁর খানকায়, মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে তাঁর বাসায় হত্যা করা হয়। দুই হত্যাকাণ্ডের পরেও খুনিরা সোনার অলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে তদন্তে নেমে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পায়।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, নূরজাহান বেগমের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। তাঁর বাবার নাম মরহুম আবদুল মান্নান। পাঁচ ভাইবোনের মধ্যে নূরজাহান সবার বড়। তাঁর দুবার বিয়ে হয়েছিল। দুই স্বামীই মারা গেছেন। দ্বিতীয় স্বামীর ঘরে তাঁর ৩৫ বছর বয়সী এক মেয়ে আছে। এই মেয়ের জন্মের কিছুদিন পরই নূরজাহান বেগমের দ্বিতীয় স্বামী মারা যান। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিভিন্ন মাজারে মাজারে ঘুরতে থাকেন। ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। সিটি কলোনিতে থাকার আগে সর্বশেষ তিনি রাজধানীর শাহ আলী মাজারে থাকতেন।