মিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ একজন আটক
রাজধানীর মিরপুরে গত শনিবার রাতে ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীকে ভর্তি করা হয়। সে হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
মিরপুর থানার এএসআই রাশিদুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টার দিকে মিরপুর ২ নম্বরের ৭ নম্বর সড়কের বাসায় ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে বাড়িওয়ালার ছেলে ইমরান। ঘটনার সময় ওই কিশোরী ছাড়া বাসায় পরিবারের আর কেউ ছিল না। পরে বিষয়টি কিশোরী তার পরিবারের সদস্যদের জানালে পরিবার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ইমরানকে আটক করে থানায় নিয়ে আসে।
এএসআই রাশিদুল বলেন, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ইমরানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।