মিরপুরে কেনাকাটা স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ও শোলাকিয়ায় সাম্প্রতিক জঙ্গি হামলার কোনো প্রভাব পড়েনি মিরপুরের বিপণিবিতানগুলোতে। ক্রেতারা বলছেন, মিরপুর এলাকাকে তাঁরা নিরাপদ ভাবছেন। বিপণিবিতানগুলোতে কেনাকাটা স্বাভাবিক রয়েছে।

গুলশান-ধানমন্ডির বিপণিবিতানগুলোতে সম্প্রতি নিরাপত্তাব্যবস্থায় বেশ কড়াকড়ি দেখা গেলেও মিরপুরের চিত্রটি ভিন্ন। গত শুক্রবার মিরপুরের
শাহ আলী মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাল্টিপ্ল্যান রেড ক্রিসেন্ট সেন্টার ও মাজার কো-অপারেটিভ মার্কেট ঘুরে নিরাপত্তার কোনো অতিরিক্ত বিশেষ ব্যবস্থা চোখে পড়েনি। এ বিপণিবিতানগুলোতে ক্রেতার সংখ্যা কম ছিল। তবে বিক্রেতারা বলছেন, ঈদের পর ক্রেতার চাপ বরাবর কমই থাকে।

মিরপুরে শাহ আলী মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপক জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, শুরু থেকেই মার্কেটে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। প্রয়োজন হলে নিরাপত্তা আরও বাড়ানো হবে।

এ মার্কেটের দোকান মালিক খোরশেদ আলম বলেন, তাঁদের মার্কেটে বেচাকেনায় সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর তেমন প্রভাব পড়েনি। ঈদের পর এমনিতেই ক্রেতার চাপ কম থাকে বলে জানান তিনি। মিরপুর শপিং সেন্টারের ব্যবসায়ী গোলাম মাওলা বললেন, তাঁদের মার্কেটে ক্রেতার স্বাভাবিক উপস্থিতি রয়েছে।

গৃহিণী শামসুন্নাহার পরিবার নিয়ে মিরপুর শাহ আলী মার্কেটে কেনাকাটা করতে এসেছেন। মার্কেটের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে বলেন, ‘এই মার্কেটে সিকিউরিটি কম। তবে এই মার্কেট তো আর নিউমার্কেট-বসুন্ধরার মতো বড় না, এই এলাকায় হামলার ভয়ও কম।’ আড়ংয়ের মিরপুর শাখায় কেনাকাটা করতে আসা বেসরকারি চাকুরে নুজরাত তানজীমও বলেন, ‘বড় মার্কেটগুলোতে যাচ্ছি না। এটা বাড়ির পাশে বলে এখানে এসেছি।’

মিরপুর-১-এর মাল্টিপ্ল্যান রেড ক্রিসেন্ট সিটির প্রবেশপথে কোনো নিরাপত্তাকর্মীকে দেখা যায়নি। এই মার্কেটের সুপারশপ জি-মার্টের ব্যবস্থাপক মোহন মিয়া বলেন, মার্কেটে বিশেষ কোনো নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের দোকানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোহন বলেন, ‘এখন আমরা কাস্টমারদের বড় ব্যাগগুলো বাইরে কাউন্টারে রাখছি। শপের গেটে স্ক্যানারের ব্যবস্থা করা হবে।’

তবে গুলশান হামলার পর মিরপুর শপিং সেন্টার ও আড়ংয়ের মিরপুর শাখায় নিরাপত্তা বেড়েছে। মিরপুর শপিং সেন্টার মালিক সমিতির উপদেষ্টা ওসমান গণি বলেন, ‘গুলশান হামলার পর মার্কেটের বাইরে ১২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া মার্কেটের ছয়টি গেটে আমরা মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করেছি।’