মিরপুরে ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা
রাজধানীর মিরপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসক, নার্স না রেখে চিকিৎসা দেওয়ার অভিযোগে ফাতেমা মেডিকেল নামে একটি ক্লিনিকের মালিক মিজানুর রহমান (৪৫) এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যা ব-৪-এর ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান অভিযানটি পরিচালনা করেন।
র্যা ব-৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যা বের দলটি প্রথমে পল্লবীর ফাতেমা মেডিকেলে অভিযান চালায়। এই ক্লিনিকের অস্ত্রোপচারকক্ষটি ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসক, নার্স না রেখে চিকিৎসা করানোর কারণে ক্লিনিকটির মালিক মিজানুরকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা না দেওয়ায় তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পরে মিরপুর-২ নম্বর সেকশনের বড়বাগে নিউ জয়া মেটারনিটি অ্যান্ড প্যাথলজিক্যাল ল্যাবের মালিক শহীদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মালামাল জব্দ করে ক্লিনিক দুটি সিলগালা করা হয়।