মিরপুরে গুলি করে যুবককে হত্যা, একজন আটক
রাজধানীর মিরপুরে আজ শুক্রবার রাতে কামরুজ্জামান সুমন (৩০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে মো. সোহাগ নামের একজনকে আটক করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় সোহাগসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত আটটার দিকে কামরুজ্জামান মিরপুর-১০ নম্বরের প্যারিস রোডে নিজেদের নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যান। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের বাবা আবু তৈয়ব সাংবাদিকদের জানান, প্যারিস রোডের ওই নির্মাণাধীন বাড়িটিকে কেন্দ্র করে স্থানীয় মুক্তার হোসেন ও সোহাগসহ কয়েকজন সন্ত্রাসী তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে। শেষমেষ পাঁচ লাখ টাকা দিতে বলে। কিন্তু তিনি তা দেননি। এতে ক্ষুব্ধ হয়ে তিন-চার মাস আগে মিরপুর-১০ নম্বরের গোল চত্বরের সামনে তাঁর গাড়িতে গুলি করেছিল ওই সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসীরাই তাঁর ছেলেকে খুন করেছে বলে তিনি অভিযোগ করেন।
আবু তৈয়ব বলেন, তাঁর চার সন্তানের মধ্যে কামরুজ্জামান ছিলেন দ্বিতীয়। মিরপুর-১০ নম্বরের গোল চত্বরসংলগ্ন এলাকার এক ভাড়া বাসায় তাঁদের বসবাস। তিনি (আবু তৈয়ব) মিরপুর-১১ নম্বর এলাকায় প্রিন্টিংয়ের ব্যবসা করেন। পাশাপাশি আরও কিছু ব্যবসা আছে তাঁর। কামরুজ্জামান ওই ব্যবসাগুলো দেখভাল করতেন। কানাডা যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার পরপরই সোহাগকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।