মিরপুরে গৃহকর্মীর মৃত্যু: একজন ফের রিমান্ডে
রাজধানীর মিরপুরে জানিয়া (১৫) নামের এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. গোলাম নবী এই আদেশ দেন।
ওই আসামির নাম সিদ্দিকুর রহমান। সিদ্দিকুরের দুই দিনের রিমান্ড শেষ হলে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান তাঁকে আজ আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে জানা গেছে, জানিয়ার মা ফুলবানু মিরপুর ১৩ নম্বরে ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে আহসান হাবিব নামের এক সরকারির কর্মকর্তা বাসায় কাজ করেন। চার-পাঁচ দিন ধরে ফুলবানু অসুস্থ থাকায় গত ৬ মার্চ ওই বাসায় তাঁর মেয়ে জানিয়া কাজ করতে যায়। পরে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে কোয়ার্টারের সামনে স্থানীয় লোকজন এক কিশোরীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কাফরুল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। খবর পেয়ে ফুলবানু ঘটনাস্থলে গিয়ে তাঁর মেয়ের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় পরদিন পুলিশ বাসার তত্ত্বাবধায়ক সিদ্দিকুর রহমান (৫০), লিফটের সুপারভাইজার ইমদাদুল হক (৩০), ভাড়াটিয়া রিয়াসাদুল হক (২৮) ও লিফটের অপারেটর সোহেল রানাকে (২৪) গ্রেপ্তার করে।