রাজধানীর মিরপুরে গতকাল শুক্রবার সকালে শাবানা খাতুন (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর দাবি, শাবানা আত্মহত্যা করেছেন। তবে পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শাবানাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী নেছারুল হক। সেখানে কর্তব্যরত চিকি ৎসক শাবানাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে দায়িত্বরত পুলিশ নেছারুলকে আটক করে। নেছারুল সাংবাদিকদের বলেন, শাবানা তাঁর সঙ্গে মিরপুর মাজার রোডের লালকুঠি এলাকার একটি বাসায় থাকতেন। গতকাল সকাল নয়টার দিকে তিনি বাসার ছাদে উঠে লাফ দেওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে বাসায় তালাবদ্ধ করে তিনি (নেছারুল) দারুস সালাম থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করতে যান। ফিরে এসে দেখেন, খাটের পাশে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় শাবানা পড়ে আছেন। তিনি বলেন, শাবানা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাবানার বড় ভাই নূরে আলম অভিযোগ করেন, শাবানার শ্বশুর-শাশুড়ি তাঁদের বিয়েতে রাজি ছিলেন না। তাঁরা প্রায়ই শাবানাকে নির্যাতন করতেন। একপর্যায়ে তাঁর স্বামীও নির্যাতন করতে শুরু করেন। শ্বশুর-শাশুড়ি তাঁর চার সন্তানকে ভারতে নিয়ে যান। এতে শাবানা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, শাবানাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন।দারুস সালাম থানার ওসি আবদুল মালেক বলেন, নেছারুলকে থানাহাজতে আনা হয়েছে। মৃত্যুর ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরও তিনজনের মৃত্যু: তুরাগ থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, গতকাল ভোরে বাউনিয়ার পূর্বপাড়া থেকে ইয়াছমিন (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ইয়াছমিন মা আয়েশা বেগমের সঙ্গে ওই এলাকার এক বাসায় থাকত। বুধবার সকালে আয়েশা তাকে রেখে বাসাবাড়িতে কাজ করতে যান। এর পর থেকে ইয়াছমিন নিখোঁজ হয়। গতকাল ভোর ছয়টার দিকে পূর্বপাড়ার একটি কুয়া থেকে ভাসমান অবস্থায় ইয়াছমিনের লাশ উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে চকবাজারের খাজে দেওয়ান লেন এলাকার এক ভবন থেকে পড়ে আওলাদ হোসেন (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে।গতকাল বিকেলে আগারগাঁও এলাকায় গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তি (৮১) মারা গেছেন।