মিরপুরে গ্যাসের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিউলি রহমানেরা তিন বোন। বিয়ের পরও সবাই একই বাড়িতে থাকেন। বাড়িতে রান্নাঘরও একটি। তবে প্রত্যেকের খাবারের বন্দোবস্ত আলাদা। গ্যাস-সংকটের কারণে পৃথক খাবারের ব্যবস্থা করতে গিয়ে তাঁদের কষ্টের সীমা থাকে না।

শিউলি রহমান বলেন, ‘সকাল দশটা থেকা বেলা দুইটা-আড়াইটা পর্যন্ত গ্যাস থাকে না (চাপ খুব কম থাকে)। এটা দিয়া রান্দন তো দূরের কথা, পানিও গরম করন যায় না।’ এ সময় পাশে দাঁড়ানো আরেক বোন রুমানা রহমান বলেন, ‘গ্যাসের যা অবস্থা, রান্দন লইয়া দুই দিন পর বুইনে বুইনে কাইজ্জাও লাগব।’

গ্যাস-সংকটজনিত এই ভোগান্তি মিরপুরের কালশী এলাকার। শুধু কালশী নয়, গতকাল শুক্রবার মিরপুরের বাউনিয়াবাদ সি ও ডি ব্লক, ১২ নম্বরের ডি ও ই ব্লক, ১২ নম্বরের মুরাপাড়া ক্যাম্প, ১১ নম্বরের সি ও ই ব্লকের অনেক বাসিন্দাদের কাছ থেকে গ্যাস নিয়ে এমন দুর্ভোগের অভিযোগ পাওয়া যায়। বাসিন্দারা বলেন, ভোরের দিকে মোটামুটি গ্যাস থাকে। দশটা বাজতেই গ্যাসের চাপ কমে যায়। তিনটার পর চাপ স্বাভাবিক হতে শুরু করে। বছরখানেক ধরে এসব এলাকার চিত্র কমবেশি এই রকমের।

তাই এসব এলাকার বাসিন্দাদের ভোরে রান্না শেষ করতে হয়। অনেকে শেষরাতে উঠেও রান্নার কাজ শেষ করে রাখে। শীতের এই সময় কাজটা অনেকের কাছে অসহনীয়। সবচেয়ে সমস্যায় পড়ে যৌথ পরিবারগুলো। রান্নাবান্না নিয়ে পারিবারিক কলহের ঘটনাও ঘটে। আবার বাচ্চাকেও ঠান্ডা খাবার খাওয়াতে বাধ্য হন বলে অভিযোগ কয়েকজন মায়ের।

তবে মাঝেমধ্যে সন্ধ্যা বা রাতেও গ্যাস থাকে না বলে জানান ১১ নম্বরের সি ব্লকের বাসিন্দা হাসিনা আক্তার। তিনি বলেন, ‘সকালে গ্যাস থাকে না। সন্ধ্যায় গ্যাস থাকে না। তাই সিলিন্ডার কিনে নিছি।’ শুধু তিনি নন, এসব এলাকার অনেকেই সিলিন্ডার কিনে পরিস্থিতি সামাল দিচ্ছেন।

গ্যাসের পেছনে দুই দফা খরচ করতে হয় বলে তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। হোটেল মালিকদেরও গুনতে হয় বাড়তি টাকা। বাউনিয়াবাদ সি ব্লকের মোল্লার হোটেলের মালিক ইউনূস মোল্লা বলেন, ‘ব্যবসাপাতি ভালো না। তার উপর সিলিন্ডার আইন্যা রান্দন লাগে। লাভের ট্যাকা ফুরাই যায়। অনেক সময় অর্ডার লইতে পারি না।’

গ্যাসের সমস্যায় চাকরিজীবী নারীদের ভোগান্তি একটু বেশি। পোশাকশ্রমিক লাইজু খানমের কাজ শেষ করে বাসায় ফিরতে রাত ১০টা বেজে যায়। ঘরে ফিরেই তিনি লেগে যান পরের দিনের খাবার তৈরিতে। লাইজু বলেন, ‘সারা দিনের খাটনির পর এই ঠান্ডায় পরের দিনের রান্নাবান্না করন খুব কষ্টের। টাকা থাকলে হোটেলের খাবার খাইতাম।’ শিক্ষক ফাতেমা জান্নাত বলেন, গ্যাস থাকে না। পরিবারের সদস্যরাও ঘরের কাজে তেমন আগ্রহী নয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্র, উত্তর) মো. এনামুল হক ভূঁইয়া বলেন, সামগ্রিকভাবে গ্যাসের চাহিদা ও সরবরাহে ফারাক থাকায় কোথাও না কোথাও গ্যাসের সমস্যা থাকে। এটা কোনো এলাকায় বেশি, কোনো এলাকায় কম।

কবে নাগাদ এই সংকটের নিরসন হতে পারে, এমন প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, কাতার থেকে ৫০০ মিলিয়ন লিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রক্রিয়া চলছে। চলতি বছরের মাঝামাঝি নাগাদ এই সমস্যা অনেকটা কমে আসতে পারে।