মিরপুরে গ্যাসের স্বল্পচাপ সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের পল্লবী ১৪ নম্বর সেকশনসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা অব্যাহত আছে। বিশেষ করে দিনের বেলায় মাঝে মাঝে চুলা প্রায় জ্বলছেই না। এ নিয়ে এলাকাবাসী ভোগান্তিতে আছেন। আগারগাঁও থেকে ১০ নম্বর পর্যন্ত এলাকার পাইপলাইন মাঝেমধ্যেই সংস্কারের যে কাজটি করা হয়, তা এখনো শেষ হয়নি। যেকোনো দিন আবার শুরু হবে।
এলাকাবাসী এবং তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি সূত্রে এ তথ্য পাওয়া যায়। অন্যদিকে তিতাস এলাকায় চাহিদা অনুযায়ী এখন পর্যন্ত পর্যাপ্ত গ্যাস সরবরাহ হচ্ছে না বলে জানা গেছে। এ জন্যই মিরপুরসহ রাজধানীর কিছু এলাকায় শীত চলে যাওয়ার পরও গ্যাসের সমস্যা রয়েছে।
পল্লবীর সিটি ক্লাব এলাকায় মাঝেমধ্যেই গ্যাস না থাকা এখন অনেকটা নিয়ম হয়ে গেছে। গতকাল শনিবার এলাকার বাসিন্দা বরকতউল্লাহ বলেন, গ্যাসের সমস্যার কারণে এলাকার অনেকের মতো তিনিও সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন। বয়োজ্যেষ্ঠ বাসিন্দা আবদুর রব সক্ষোভে বলেন, সিলিন্ডার কিনলেও তিতাসের মাসিক গ্যাস বিল থেকে রক্ষা নেই। বাড়তি বিল দিতে হচ্ছে। সেবা নেই, অথচ গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
মিরপুর ১৪ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ১ নম্বর বহুতল ভবন এলাকায় আগে থেকেই গ্যাসের সমস্যা ছিল। এখনো মাঝেমধ্যে দিনের বেলায় স্বল্পচাপের সমস্যা হচ্ছে। ১২ নম্বর ও আশপাশের ভবন এলাকায়ও মাঝেমধ্যে গ্যাসের সমস্যা হচ্ছে বলে জানা গেছে। একজন বাসিন্দা আবদুর রহমান বলেন, তিনি অফিসে দুপুরে সাধারণত বাসা থেকে আনা খাবার খান। কিন্তু গত মঙ্গলবার সকালে চুলা জ্বলছিল না বলে তাঁর স্ত্রী খাবার তৈরি করতে পারেননি। তিনি বলেন, লাইন সংস্কারকাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে জেনেছেন, এলাকায় সে রকম কোনো ঘোষণা প্রচারিত (মাইকিং) হয়নি। অপর এক ভবনের বাসিন্দা নূরুন্নবী বলেন, গ্যাসের স্বল্পচাপ সমস্যার কারণে সকালে এক কাপ চায়ের পানি গরম হতে আধা ঘণ্টার মতো সময় লাগে।
যোগাযোগ করা হলে তিতাস গ্যাস কোম্পানির জরুরি নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক সেলিম মিয়া বলেন, তিতাসের চাহিদা অনুযায়ী এখন পর্যন্ত পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না।
এদিকে মেট্রোরেল প্রকল্পের জন্য আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত মাঝেমধ্যেই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। সে বিষয়ে মাইকে প্রচারও করা হয়। ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্টের অধীন এই মেট্রোরেল প্রকল্পের কাজ শুরুর আগে গ্যাসের পাইপলাইন সরানো জরুরি—এই মর্মে পাইপলাইন সংস্কারের কাজ হয়। তিন দফার এই কাজের পরও পুরো লাইন সরানো বা সংস্কার সম্ভব হয়নি। তাই যেকোনো দিন আবার লাইন বন্ধের ঘোষণা আসবে বলে তিতাস সূত্রে জানা যায়।