মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর মিরপুরে দারুস সালাম থানা এলাকায় আজ সোমবার বিকেলে ছুরিকাঘাতে ফজল মিয়া (২০) নামের এক যুবক খুন হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ফজলকে নিয়ে যান তাঁর স্বজনেরা। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফজলের খালাতো ভাই মো. জুয়েল সাংবাদিকদের জানান, ফজল দারুস সালাম থানার আনন্দনগরের লালকুঠির তৃতীয় কলোনি এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। বেলা সাড়ে চারটার দিকে লালকুঠি এলাকায় সাত-আটজন যুবক তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
খুনের কারণ সম্পর্কে মো. জুয়েল বলেন, ‘ক্রিকেট খেলায় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’ তবে কী নিয়ে কথা-কাটাকাটি, সে সম্পর্কে বিস্তারিত তথ্য তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই কথা-কাটাকাটির একপর্যায়ে ফজলকে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।