মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান: তিন আসামি রিমান্ডে

রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর হওয়া মামলায় গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের করে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার বিকেলে ওই তিনজনকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ওই তিনজন হলেন, আবু সাইদ ওরফে রাসেল ওরফে সালমান (২২), ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) ও মোহসীন আলী ওরফে রুবেল (২০)। আবু সাইদের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায়, ইলিয়াসের বাড়ি চাঁদপুরের মতলব থানা এলাকায় এবং মোহসীনের বাড়ি জয়পুরহাটে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহ আলী থানা এলাকার মিরপুর-১ এ জঙ্গি আস্তানায় প্রায় ১৪ ঘণ্টা অভিযান চালায় পুলিশ। অভিযানস্থল থেকে ছয়জনসহ মোট সাতজনকে আটকের কথা জানায় পুলিশ। এদের মধ্যে চারজন সন্দেহভাজন। তবে অভিযানের ২২ ঘণ্টা পর আজ শুক্রবার পাঁচজনকে আসামি করে রাজধানীর শাহ আলী থানায় মামলা হয়। এঁদের মধ্যে দুজনকে পলাতক দেখিয়ে তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তভার পড়ে ডিবির ওপর। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মুমিন খান গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করেন।
আদালত সূত্র জানায়, রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামিদের শাহ আলী থানার মিরপুর ১ নম্বরে একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ তাজা গ্রেনেড, বোমা তৈরির বিপুল সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য। দেশের ভেতরে বড় ধরনের নাশকতা করার জন্য এ জঙ্গি আস্তানা স্থাপন করে তাঁরা জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, মামলার পলাতক আসামি মুস্তাফিজুর রহমান ওরফে শাকিল হাতে তৈরি গ্রেনেড তৈরি করেন। তিনি নতুন সদস্যদের প্রশিক্ষণও দিয়ে আসছিলেন। আর আরেক পলাতক আসামি সোহেল রানা ওরফে হিরন ওরফে কামাল গ্রেনেড দিয়ে বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করেন। এ ছাড়া দেশি-বিদেশি মানুষকে হত্যার কাজে আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়াল ব্যবহার করে আসছেন। মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আরও জঙ্গি আস্তানা শনাক্ত করার জন্য এঁদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আটক বাকি চারজনের ব্যাপারে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা মুমিন খান বলেন, আমি মামলায় তিনজনকে গ্রেপ্তার হিসেবে পেয়েছি। রিমান্ডে এ তিনজনের কাছ থেকে জঙ্গিসংক্রান্ত তথ্য বের করার চেষ্টা করা হবে। আর যে চারজনের কথা বলা হচ্ছে, তা আমার জানা নেই।