মিরপুরে জাগরণের গানে উজ্জীবিত তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে গতকাল বুধবার সন্ধ্যায় মিলনায়তন-ভর্তি দর্শক উজ্জীবিত হয়েছিল সেসব গান শুনে, যে গান আন্দোলন-সংগ্রামে আগুয়ান হওয়ার শক্তি জুগিয়েছিল বাঙালিকে। প্রথম আলো মিরপুর বন্ধুসভার আয়োজনে পরিবেশিত হলো জাগরণের গান। ‘জাগো বাঙালি জাগরণের গানে’ স্লোগানে নতুন প্রজন্ম আর মিরপুরবাসীকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে বন্ধুসভার সদস্যরা এই আয়োজন করে। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মিরপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক লুবনা আহমেদ। মুক্তিযোদ্ধা কামরুল আমান বলেন, ’৭১-এ মুক্তিযোদ্ধারা সে স্বপ্ন দেখেছিলেন, তা নতুন প্রজন্মকে বাস্তবায়ন করতে হবে। এরপর জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষে তজিরুল ইসলাম বক্তব্য দেন। গানের এই আয়োজনে আকর্ষণীয় ছিল কুইজ পর্বটি। জাগরণের গানের অ্যালবাম নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্ন করা হয়। এই পর্বটি পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। এর পরই মঞ্চে আসে মিরপুর বন্ধুসভা। ‘সোনা সোনা লোকে বলে সোনা’, ‘নোঙর তোল তোল’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ গানগুলো পরিবেশন করে তারা। ‘রক্তে আমার আবার প্রলয়দোলা’, ‘এই পতাকা আমার মায়ের মুখের মতো’ গানের সঙ্গে নৃত্যও পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে ঢাকা বন্ধুসভা গেয়েছে, ‘মুক্তির মন্দির সোপান তলে’, ‘জয় বাংলা বাংলার জয়’ গান দুটি। সবশেষে ছিল জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা।সমবেত কণ্ঠে ‘মাঠে মাঠে সোনালি ধান’, ‘সোনায় মোড়ানো বাংলা’, ‘আমার প্রতিবাদের ভাষা’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনায় তারা। জাগরণের শিল্পীরা ‘হেই সামালো’, ‘ধনধান্য পুষ্পভরা’ গান দুটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে। জাতীয় সংগীতের মাধ্যমে জাগরণের গানের এই আয়োজন শেষ হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মিরপুর বন্ধুসভার সভাপতি আল মামুন।উদীচীর আয়োজনে গণসংগীত উৎসব গণসংগীত এ দেশে গণমানুষের ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, গণঅভ্যুথান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার-সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে সব সময়ই প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। গণসংগীতের ধারার আরও বেশি বিস্তৃত করার জন্য বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। এ বছর ‘গাও জীবনের গান, মাঠে মাঠে ঘরে ঘরে শুনি তারই আহ্বান’ স্লোগান নিয়ে দুই দিনের উৎসব শুরু হবে ২৭ মার্চ। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি জানানো হয়। আয়োজকেরা জানান, প্রতিভাবান গণসংগীতশিল্পী অন্বেষণ ও নতুন প্রজন্মকে গণসংগীতের প্রতি আগ্রহী করে তোলার জন্য গণসংগীত উৎসব সামনে রেখে উদীচী গত মাসে আয়োজন করেছিল জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৫ বছর ও ১৫ বছরের বেশি বয়সী প্রতিযোগীদের দুটি পৃথক বিভাগে দেশের ৫৫টি জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৩৯ জন বিজয়ীকে নিয়ে শিল্পকলা একাডেমীতে ২৭ মার্চ সকালে হবে চূড়ান্ত প্রতিযোগিতা। ২৭ ও ২৮ মার্চ উৎসবের দুই দিনই থাকবে আলোচনা ও গণসংগীত পরিবেশনা। দুই দিনের এই উৎসবের উদ্বোধন করবেন প্রবীণ সংগীতশিল্পী সুধীন দাশ এবং প্রধান অতিথি থাকবেন উপমহাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ২৭ মার্চ বিকেল চারটায় হবে উদ্বোধন পর্ব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতার আহ্বায়ক অমিত রঞ্জন দে। মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উৎসবমুক্তিযুদ্ধ জাদুঘরের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসবের গতকাল ছিল তৃতীয় দিন। বিকেলে জাদুঘর প্রাঙ্গণে শুরুতে স্বাগত ভাষণ দেন জাদুঘরের ট্রাস্টি রবিউল হুসাইন। এরপর ‘যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার: আন্তর্জাতিক প্রেক্ষাপট’ বিষয়ে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাসুম বিল্লাহ। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর ভাষ্য পাঠ করে এ প্রজন্মের শিক্ষার্থীরা। এই ভাষ্য পাঠে অংশ নেয় মুক্তা বিশ্বাস, জান্নাতুল জাকিয়া, পল্লী মণ্ডল, মো. জলিল মিয়া ও আসমা আক্তার।এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ ও লালমাটিয়া মহিলা কলেজ। ‘দৃষ্টি’র দলীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় গতকালের আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।রাজশাহীতে শেষ হলো দ্বিতীয় শিশু চলচ্চিত্র উৎসব ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে রাজশাহী চিলড্রেন ফিল্ম সোসাইটির উদ্যোগে গতকাল তিন দিনব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। গত সোমবার থেকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো এ উৎসব শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। উপস্থিত ছিলেন রাজশহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদা সুলতানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির সভাপতি মুসতাক আহমেদ, ঋত্বিক ফিল্ম সোসাইটির আহ্বায়ক এফ এম এ জাহিদ, ডন প্রাইভেট একাডেমির পরিচালক সোহেল রানা প্রমুখ। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মশিহুর রহমান। তিন দিনব্যাপী এ উৎসবে ১৪টি দেশের ৩২টি ছবি প্রদর্শন করা হয়।