মিরপুরে জোড়া খুনের ঘটনায় একজন গ্রেপ্তার
মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে জোড়া খুনের ঘটনায় আনোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, ১১ জানুয়ারি জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) থেকে রাজিব ও ১৩ জানুয়ারি রুবেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এরপর র্যাব-৪-এর একটি দল হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করে। র্যাব-৪-এর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ প্রথম আলোকে বলেন, লেনদেন নিয়ে বিরোধের জের ধরে এই দুটি খুন হয়েছে। আনোয়ার মূল পরিকল্পনাকারী। জিজ্ঞাসাবাদে আনোয়ার র্যাবকে বলেছেন, তিনি নিহত রাজিব ও রাসেলের সঙ্গে ঝুটের ব্যবসা করতেন। তাঁরা একই সঙ্গে মাদক ব্যবসায়ও জড়িত।র্যাবের পরিচালক বলেন, জিজ্ঞাসাবাদে আনোয়ার জানান, রুবেলের কাছে তাঁর কিছু টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গেলে রুবেল মাদকসহ তাঁকে পুলিশের হাতে ধরিয়ে দেন। পরে জামিনে বের হয়ে আনোয়ার ১০ জানুয়ারি বন্ধু রাজিবকে দিয়ে রুবেলকে জাতীয় উদ্ভিদ উদ্যানে ডেকে আনেন। এরপর আনোয়ার তাঁর সহযোগীদের নিয়ে প্রথমে রুবেলকে জবাই করে খুন করেন। এরপর ঘটনার সাক্ষী হওয়ায় রাজিবকেও একইভাবে খুন করেন। পরে দুজনের লাশ উদ্যানের পৃথক স্থানে ফেলে যান।