মিরপুরে ঝুটপট্টিতে আগুন শতাধিক বসতবাড়ি ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের ঝুটপট্টিতে গতকাল শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাসা থেকে বের হতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় গৃহহীন হয়েছেন শতাধিক মানুষ।
মিরপুর ১০ নম্বরের বেনারসি পিল্লসংলগ্ন ঝুটপট্টি এলাকায় প্রায় ২০ কাঠা জমির ওপর গড়ে উঠেছিল পুড়ে যাওয়া শতাধিক বসতবাড়ি। জমি বলতে পুরোটাই ডোবা। এখানে ড্রেন ও বৃষ্টির পানি জমে। পানির ওপর বাঁশের মাচা তৈরি করে বাঁশ, প্লাস্টিক ও নিম্নমানের টিন দিয়ে নিম্ন আয়ের মানুষগুলোর জন্য তৈরি করা হয়েছিল মাথা গোঁজার ঠাই। কিন্তু ভয়ংকর আগুন সব পুড়ে ছাই করে দিয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জহিরুল আমিন বলেছেন, আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকা পরিমাণ মালামালের ক্ষয় হয়েছে।
সরেজমিনে প্রাপ্ত তথ্য ও ফায়ার সার্ভিসের বক্তব্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে পশ্চিম-দক্ষিণ কোণে একটি বসতবাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এদিক-ওদিক ছোটাছুটি করছে বেশ কয়েকটি শিশু। এক পাশে মাথায় হাত দিয়ে কুঁজো হয়ে বসে ছিলেন ৫০ জনের মতো নারী-পুরুষ।