মিরপুরে টাকা জাদুঘরে 'কয়েন ক্যাফে' চালু

টাকার বিনিময়ে দর্শনার্থীদের হালকা চা-নাশতার ব্যবস্থা করে দিতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অবস্থিত টাকা জাদুঘরে ‘কয়েন ক্যাফে’ চালু হয়েছে। গত শনিবার দুপুরে এ ক্যাফের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বক্তব্যে আতিউর রহমান বলেন, ‘টাকা জাদুঘর দেখতে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা আসে। জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থীরা বিশেষত শিশুরা অনেকটাই ক্লান্ত, পিপাসার্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ে। তবে এখানে কোনো ক্যাফেটারিয়া না থাকায় তাদের অসুবিধায় পড়তে হতো। এসব চিন্তা করেই এখানে এ ক্যাফেটেরিয়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কয়েন ক্যাফে’তে সব দর্শনার্থী টাকার বিনিময়ে হালকা চা-নাশতা করতে পারবে। প্রাথমিক পর্যায়ে ক্যাফেটিতে (চিকেন স্যান্ডউইচ, চিকেন রোল, ভেজিটেবল রোল, চিকেন প্যাটিস, সমুচা, সিংগারা, কেক/পুডিং, কফি, কোমল পানীয় ইত্যাদি) ১২টি আইটেম পাওয়া যাবে। আগামী দিনে আইসক্রিমসহ আরও কিছু আইটেম যুক্ত করা হবে। বিজ্ঞপ্তি।