রাজধানীর মিরপুরে একটি টিনশেড বাড়িতে গত বুধবার গভীর রাতে বিস্ফোরণের পর আগুন ধরে গিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-বাবা ও বোন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বদ্ধ ঘরে জমা গ্যাসের কারণে ওই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।পুলিশ ও প্রতিবেশীরা জানান, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের সি ব্লকের ওই টিনশেড বাড়িতে বিস্ফোরণ হয়। প্রতিবেশীরা গিয়ে দেখেন, বাড়িটির কয়েকটি দেয়াল ভেঙে পড়েছে। তিনটি ঘরে আগুন জ্বলছে। লোকজন আগুন নিভিয়ে ফেলেন। মারাত্মকভাবে দগ্ধ মোতাহার হোসেন (৪২), তাঁর স্ত্রী জোছনা বেগম (৩৫), তাঁদের দেড় বছরের সন্তান মারুফ হোসেন ও বৃষ্টি আক্তারকে (১০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শিশু মারুফ মারা যায়। বিস্ফোরণে বাড়ির ছয়টির মধ্যে তিনটি ঘর ভেঙেচুরে গেছে এবং আগুনে বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে। মোতাহারের পাশের ঘরের বৃদ্ধা জুলেখা বেগম বলেন, ‘রাইতে ঘুমাইয়া ছিলাম, হঠাৎ বিরাট আওয়াজে ঘুম ভাইঙ্গা যায়। চোখ মেইলা দেহি অনেক ধুমা।’ এ সময় দেয়ালের আস্তর ও ভাঙা ইটের টুকরো লেগে জুলেখা, তাঁর স্বামী আবদুল জব্বার ও নাতি রূপা বেগম (১৪) কিছুটা আহত হন। আহত হন অন্য পাশের আরেকটি ঘরের বাসিন্দা পোশাকশ্রমিক দম্পতি বীথি আক্তার ও শিপন হাওলাদার। সবারই জিনিসপত্র কমবেশি পুড়ে গেছে। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোতাহারের ঘরটির দেয়ালের রড ও ইট-সুরকি ছড়িয়ে-ছিটিয়ে আছে। টিনের চাল ভেঙে এবং পুড়ে গেছে। গতকাল সকালে কাফরুল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দল বাড়িটিতে যায়। বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত তিনটি ঘরে আলো-বাতাস ঢোকার যথাযথ ব্যবস্থা ছিল না। সন্ধ্যার পর দরজা লাগিয়ে দেওয়ায় বদ্ধ ঘরে গ্যাস জমে যায়। পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, মোতাহারের বদ্ধ ঘরটিতে গ্যাসের চাপে দুর্বল দেয়াল একসময় ভাঙতে শুরু করে। তখন বৈদ্যুতিক সুইচ থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি হলে আগুন ধরে যায়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলীও একই ধরনের মত দেন। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে মোতাহার, তাঁর স্ত্রী জোছনা ও তাদের শিশুসন্তান বৃষ্টি যন্ত্রণায় ছটফট করছেন। মোতাহার ও জোছনা কথা বলতে পারছিলেন না। বৃষ্টি ক্ষীণ কণ্ঠে বলে, ‘আমরা ঘুমাইয়া ছিলাম। বিকট শব্দে ঘুম ভাইঙ্গা যায়। সবাই দৌড়াইয়া বাইর হওয়ার চেষ্টা করি। কিন্তু সবার শরীরে আগুন ধইরা যায়। এরপর আমার আর কিছু মনে নাই।’ বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, ফুটপাতের হকার মোতাহারের শরীরের ৭৫ শতাংশ, তাঁর স্ত্রী জোছনার ৪৫ ও মেয়ে বৃষ্টির ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের সবার অবস্থা সংকটাপন্ন।