ডিশ ব্যবসা নিয়ে গোলাগুলিতে আহত ২, আটক ১০
রাজধানীর মিরপুর এলাকায় আজ মঙ্গলবার ডিশ (কেবল) ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হজরত আলী ভুট্টো (৪০) ও মাইনুদ্দিন (৩৫) নামের দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ২৮টি গুলিসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে হাসপাতালে ভর্তি ওই দুজনও আছেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে তিনটার দিকে দক্ষিণ মনিপুর বৈশাখী ভবনসংলগ্ন এলাকায় ডিশ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুজন গুলিবিদ্ধ হন। এরপর পুলিশ ১০ জনকে আটক করে। ঘটনার মূল হোতাসহ কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হজরত আলীর গলা ও কাঁধে এবং মাইনুদ্দিনের পেটে গুলি লেগেছে।
হজরত আলী সাংবাদিকদের জানান, তাঁরা কয়েকজন বৈশাখী ভবনের সামনে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুজন তাঁদের লক্ষ্য করে গুলি করে। দুজনের মাথায় হেলমেট ছিল। গুলিবর্ষণকারী হিসেবে হজরত আলী এক ডিশ ব্যবসায়ীর নাম জানান।