মিরপুরে তিন হাসপাতালকে জরিমানা
রোগনির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে মিরপুরের তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৮ লাখ ¶২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
মেয়াদোত্তীর্ণ ও উৎপাদক দেশের নামহীন রাসায়নিক উপাদান দিয়ে রোগনির্ণয়ের পরীক্ষার প্রমাণ পাওয়ায় ১০ নম্বর সেক্টরের বি ব্লকের আলোক হেলথ কেয়ারকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার হেলাল ডায়াগনস্টিক সেন্টারে রোগনির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার, অকার্যকর একটি ফ্রিজে রাসায়নিক উপাদান সংরক্ষণ এবং প্রশিক্ষণবিহীন অষ্টম শ্রেণি পাস ব্যক্তিকে দিয়ে এক্স-রে মেশিন পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব কারণে এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সেখানকার আজমল হাসপাতালে অনুমোদনের চেয়ে বেশিসংখ্যক শয্যা তৈরি, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকা এবং গত দুই বছর লাইসেন্স নবায়ন না করায় হাসপাতাল কর্তৃপক্ষকে সোয়া দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।