মিরপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের রাস্তা অবরোধ
রাজধানীর মিরপুরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল আবারও বিক্ষোভ করেছেন। দুপুরে পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের লাঠিপেটা করলে কয়েকজন শ্রমিক আহত হন। বিক্ষোভের কারণে মিরপুর ১৪ নম্বর সড়কের একপাশ সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে।কাফরুল থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে মিরপুর ১৪ নম্বরের সড়কের দুপাশে ভিশন গ্রুপ নামে একটি কারখানার তিন শতাধিক শ্রমিক অবস্থান নেন। তাঁদের দেখাদেখি টিউনিক নামের আরেকটি কারখানার শ্রমিকেরাও তাতে যোগ দেন। একই সময়ে আশপাশের আরও কয়েকটি কারখানার কিছু কিছু শ্রমিক তাঁদের সঙ্গে যোগ দিলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।২৮ এপ্রিল এক বৈঠক শেষে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঘোষণা করেছেন, আগামী রোজার আগেই নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা বেতন পাবেন। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন এক হাজার ৬৬৪ টাকা। সূত্র জানায়, গতকাল শ্রমিকেরা ভিশন গ্রুপ, টিউনিক ফ্যাশন লিমিটেড ও সরোজ অ্যাপারেল লিমিটেডের সামনে বিক্ষোভ করেন। ভিশন গ্রুপের শ্রমিকেরা ওই দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। টিউনিক গ্রুপের কিছু শ্রমিক তাতে সাড়াও দেন।ভিশনের একজন শ্রমিক জানান, তাঁদের যে বেতন দেওয়া হয় তাতে চলে না। কয়েক দিন আগে ওপেক্স গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করায় তাঁদের দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু তাঁদের দাবি মেনে নেওয়া হচ্ছে না।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, শ্রমিকেরা রাস্তায় এসে একপাশে যান চলাচল বন্ধ করে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। তবে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রমিকেরা রাস্তায় বসে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। বিকেলের পর পরিস্থিতি শান্ত হয়ে আসে বলে তিনি জানান। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শ্রমিকেরা মূল সড়কে আসেননি। তাঁরা অলিগলিতে অবস্থান নিয়ে ছিলেন।