মিরপুরে দগ্ধ গৃহবধূ মারা গেছেন
রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে অগ্নিদগ্ধ গৃহবধূ স্বপ্না আক্তার (২০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে মারা গেছেন। হাসপাতালের বিছানায় ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তাঁকে হার মানতে হলো। ওই ঘটনায় একই পরিবারের আরও চারজন দগ্ধ হন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, স্বপ্না সপরিবারে মিরপুর-১২ নম্বর সেকশনের চার নম্বর লেনের একটি বাড়ির নিচতলায় থাকতেন। গত ১২ ফেব্রুয়ারি রাতে বাড়িটির নিচতলার সিঁড়িঘরে রাখা একটি মোটরসাইকেলে হঠাৎ আগুন ধরে গেলে তেলের ট্যাংকের বিস্ফোরণ ঘটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নিচতলার বাসিন্দারা তাড়াহুড়ো করে বের হলে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে স্বপ্না মারা যান। স্বপ্নার ননদ হৃদিতা ও রায়না এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুজনকে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।