মিরপুরে দাফন হলো রাজিয়ার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত রাজিয়া বেগমের লাশ গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুর জনতা হাউজিংসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় অজ্ঞাতপরিচয় মিনিবাসের ধাক্কায় নিহত হন রাজিয়া।
শুক্রবার দুর্ঘটনার পর সিএনজিচালিত এক অটোরিকশাচালকের সহায়তায় আহত অবস্থায় প্রথমে রাজিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ১০ বছরের সন্তান বীথি। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর মায়ের লাশের পাশে অঝোরে কাঁদতে থাকে বীথি। বলতে থাকে, ‘মায়ের লাশ নিয়া কই যামু?’
ওই সময় বীথি সাংবাদিকদের জানায়, জনতা হাউজিং বস্তিতে তাকে নিয়ে থাকতেন মা রাজিয়া। সড়কের পাশে রুটি ও পিঠা বিক্রি করতেন। তার সৎ বাবা থাকলেও তেমন খবরাখবর নেন না। এ কারণে মায়ের লাশ নিয়ে কী করবে, সে বুঝে উঠতে পারছে না।
শুক্রবার ঢাকা মেডিকেলে বীথির এমন করুণ দৃশ্য উপস্থিত অনেককেই ছুঁয়ে যায়। গতকাল শনিবার প্রথম আলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকেই বীথিকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন। অবশ্য শুক্রবার রাতেই পুলিশ বীথিকে থানায় নিয়ে গিয়ে তার সৎ বাবা এসহাক সরদারকে খবর দেয়। পরে বীথিকে এসহাকের কাছে দেওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ময়নাতদন্ত ছাড়াই রাজিয়ার লাশ এসহাক ও বীথিকে দেওয়া হয়।
মিরপুর থানার এসআই মতিউর রহমান বলেন, ওই নারীর সুষ্ঠু দাফনের ব্যবস্থা করা হয়েছে। আসলে বীথির সৎ বাবা এসহাক তেমন কোনো দায়িত্বই পালন করেননি। ‘তাহলে বীথিকে কি তিনি (এসহাক) দেখভাল করবেন?’ এমন প্রশ্নের উত্তরে এসআই মতিউর বলেন, ‘করবে, করবে।’