মিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মিটন গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
এ ঘটনায় মিটন গ্রামের চা-দোকানি লিটন আলী বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মিরপুর থানায় একটি মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে মিটন গ্রামে রাজা মাস্টার ও ঝন্টু মিয়ার লোকজনের মধ্যে বিরোধ ছিল। ঝন্টু মিয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর রাজা মাস্টার জাসদের রাজনীতি করেন। গত সোমবার বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাজারে চায়ের দোকানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সেখানে ঝন্টু মিয়ার সমর্থক লিটন আলীর চায়ের দোকান রয়েছে। পাশেই আছে রাজা মাস্টারের সমর্থক বাবু লালের চায়ের দোকান। মঙ্গলবার বিকেলে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ফের দু্ই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা, রামদা ও হাঁসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। উভয় পক্ষের অন্তত ৩০ জন জখম হন।