মিরপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গত রোববার রাতে জাহাঙ্গীর হোসেন (৩২) ও আবদুল কাইয়ুম (৩০) নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, স্থানীয় এক মেয়ের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ও পরে ওই মেয়েকে নিয়ে পালানোর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
অবশ্য নিহত দুই যুবকের পরিবার বলেছে, এ ব্যাপারে তারা কিছু জানে না।
মিরপুর থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে রোববার দিবাগত রাত একটার দিকে মিরপুরের দক্ষিণ পীরেরবাগে বটতলা থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য চিহ্ন থাকা লাশ দুটি কয়েক গজ ব্যবধানে পড়ে ছিল। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। একটি মোটরসাইকেল জাহাঙ্গীরের। মুঠোফোন দুটি নিহত দুজনের। প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশ উদ্ধার করে সুরতহাল করা হলেও সকালে ওই মুঠোফোনের সূত্র ধরে তাঁদের পরিচয় পাওয়া যায়।
হত্যার কারণ সম্পর্কে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াজেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, দক্ষিণ পীরেরবাগের এক মেয়ের সঙ্গে স্থানীয় রংমিস্ত্রি বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। বিল্লাল গত শুক্রবার মেয়েটিকে নিয়ে পালিয়ে গেলে মেয়েটির পরিবার ক্ষুব্ধ হয়। মেয়েটির পরিবারের সদস্যরা তাঁর খোঁজে রোববার রাতে দক্ষিণ পীরেরবাগে বটতলা এলাকায় বিল্লালের বড় বোন পারভীনের বাসায় যান। সেখানে দুই পক্ষে ব্যাপক বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পারভীনকে মেয়েপক্ষের একজন চড় মারেন। এরপর তাঁরা চলে যান।
ওসি জানান, এর কিছুক্ষণ পর দুটি মোটরসাইকেলে মেয়েপক্ষের আরও কয়েকজন পারভীনের বাসায় যান। সেখানে উভয়পক্ষে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ চলাকালে হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে পারভীনেরা পলাতক। পারভীনের এক প্রতিবেশী জানান, রোববার রাত ১১টার দিকে দুটি মোটরসাইকেলে কয়েকজন পারভীনের বাসায় গেলে সেখান থেকে চিৎকার-চেঁচামেচি শুনেছেন। রাত একটার দিকে পুলিশ এলে খুনের কথা জানতে পারেন।
এলাকাবাসী জানান, ঘটনার পর ওই এলাকার নির্মাণাধীন ভবনের শ্রমিক, দোকানদারসহ আটজনকে পুলিশ থানায় নিয়ে যায়। তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ওই মেয়েটির নাম-পরিচয় তদন্তের স্বার্থে জানায়নি। তবে ঢাকা মেডিকেলের মর্গে নিহত কাইয়ুমের বড় ভাই কায়েস পাশা ও জাহাঙ্গীরের ভাই শাহ আলম প্রথম আলোকে বলেন, ঘটনার কারণ সম্পর্কে তাঁরা কিছু জানেন না। পুলিশের কাছ থেকে তাঁরা শুনেছেন।
কায়েস বলেন, তাঁরা মধ্য পীরেরবাগে থাকেন। সাত ভাইবোনের মধ্যে কাইয়ুম ষষ্ঠ। ১৪ বছর মালয়েশিয়া থাকার পর দুই বছর আগে কাইয়ুম দেশে ফেরেন। দেশে ফিরে তেমন কিছু করতেন না। প্রায় সাত মাস আগে ইয়াবাসহ মিরপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দুই মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান। তিনি বলেন, রোববার রাত ১১টা পর্যন্ত কাইয়ুম বাসায় ছিলেন। পরে কখন বের হয়েছেন জানেন না, রাতে খবরও নেননি।
শাহ আলম বলেন, স্ত্রী তাহমিনা বেগম ও দুই সন্তান নিয়ে সাভারের ফুলবাড়িয়ায় থাকতেন জাহাঙ্গীর। মিরপুরের পশ্চিম মনিপুরে তাঁর ইলেকট্রনিকস পণ্য মেরামতের দোকান আছে। মোটরসাইকেলে চলাফেরা করতেন। মাঝে মাঝে সাভারে যেতেন।
তবে মর্গে জাহাঙ্গীরের বেয়াই পরিচয় দেওয়া শহীদুল ইসলাম জানান, জাহাঙ্গীর দেড় বছর আগে শাহনাজ আক্তারকে বিয়ে করেন, তাঁকে নিয়ে শেওড়াপাড়ায় থাকতেন। অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুদিন আগে শাহনাজকে বরিশালে পাঠানো হয়।
শাহ আলম বলেন, জাহাঙ্গীরের দ্বিতীয় বিয়ে সম্পর্কে তাঁরা জানতেন না।
যোগাযোগ করা হলে শাহনাজ বলেন, জাহাঙ্গীর মাঝে মাঝে সাভারে যেতেন। তবে সেখানে তাঁর স্ত্রী-সন্তান আছে তা তিনি জানেন না।
গতকাল দুপুরে ঘটনাস্থলে গেলে কয়েকজন জানান, গলিতে বৈদ্যুতিক বাতি না থাকায় সব সময় অন্ধকার থাকে। তা ছাড়া ঘটনার সময় বিদ্যুৎ ছিল না।
গতকাল ময়নাতদন্তের পর লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে কাইয়ুমের লাশ গাবতলী কবরস্থানে দাফন করা হয়। সাভারে জানাজা শেষে জাহাঙ্গীরের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করার কথা।