মিরপুরে নাশকতার প্রস্তুতিকালে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের কাজিপাড়ায় গতকাল সোমবার রাতে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তাঁরা নাশকতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মনির হোসেন (২২), বাদল হোসেন (২৪) ও মোশাররফ (১৯)। তাঁদের কাছ থেকে ১০টি ককটেল, দুটি চাপাতি ও একটি রড উদ্ধার করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার মশিউর রহমান ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

প্রথম আলো ডটকমকে দেওয়া তৌহিদুল ইসলামের ভাষ্য, রাত ১২টার দিকে সাত-আটজনের একটি দল মিরপুরের কাজিপাড়ায় পারটেক্স ফার্নিচারের গলির পেছনে একটি মাঠে জড়ো হয়েছিল। সেখানে তারা নাশকতা ঘটাতে যাচ্ছিল। ডিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালিয়ে গেলেও তিনজন ধরা পড়েন।

তৌহিদুল ইসলামের ভাষ্য, ঈদ সামনে রেখে কেনাকাটা করে ফিরে আসা লোকজনের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া ছিল তাঁদের উদ্দেশ্য। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।