পরিবেশদূষণের অপরাধে মিরপুরের সেনপাড়া পর্বতার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার একটি নির্মাণাধীন কারখানা পরিবেশ অধিদপ্তর সিলগালা করে দিয়েছে। পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রায় ১০ কাঠা জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা ডায়িং কারখানাটিতে অভিযান চালিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়।স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন। এ সময় নির্মাণাধীন কারখানাটি বন্ধ ছিল। মালিক বা কর্মচারী কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এলাকার লোকজন অভিযানকারী দলকে জানায়, দুই মাস ধরে নির্মাণাধীন এ কারখানা এলাকার জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত করছিল। সংকুচিত হয়ে পড়ছিল জনসাধারণের চলাচলের রাস্তা।এলাকাবাসীর আশঙ্কা, কারখানা হলে জনসাধারণ রোগব্যাধিতে আক্রান্ত হবে এবং পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ দুর্ঘটনার মতো শেওড়াপাড়া ট্র্যাজেডি ঘটতে পারে। পরিবেশ রক্ষার স্বার্থে এলাকাবাসী এটি বন্ধের দাবি জানায়। তাদের অভিযোগ, ভয়ভীতি ও হুমকি দিয়ে জনস্বাস্থ্য বিপন্নকারী এ কারখানা নির্মাণ করা হচ্ছিল।মিরপুর থানার পুলিশের সহায়তায় এরপর নির্মাণাধীন কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কারখানার মালিক ও পরিচালকদের পরিবেশ অধিদপ্তরে হাজির হওয়ার জন্য কারখানায় নোটিশ টানিয়ে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ আইন অমান্য করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে খুব শিগগির মামলা দায়ের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।মুনীর চৌধুরী জানিয়েছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পিডিবি, ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে শিগগির নোটিশ দিয়ে কারখানাটি সরিয়ে দেওয়া হবে।