মিরপুরে পিপিপির উপশহর প্রকল্প অনুমোদন
সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে মিরপুরে একটি উপশহর প্রকল্পের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে গণপূর্ত মন্ত্রণালয় মিরপুর ৯ নম্বর সেকশনে উপশহর প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের অধীনে ১১টি ১৫ তলা ভবন তৈরি হবে। ভবনগুলোর ছয়টিতে ৯১৫ বর্গফুটের ৭২০টি ফ্ল্যাট এবং বাকি পাঁচটিতে এক হাজার ৩৪৫ বর্গফুটের ৬০০ ফ্ল্যাট হবে। এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাভুক্ত আটটি বস্ত্রকলের অবসায়নের কার্যক্রম চালাতে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে বিক্রয় ব্যবস্থাপনা সেল গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বাংলাদেশ চা-বোর্ডের পরিচালনাধীন অ্যারোমা টি লিমিটেডের ৫১ শতাংশ সরকারি শেয়ার বেসরকারীকরণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। সাইফ পাওয়ারটেকের প্রস্তাব অনুমোদন এদিকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ঢাকার কমলাপুর আইসিডি ইয়ার্ডে কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য সাইফ পাওয়ারটেকের দরপ্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১০ বছরের জন্য কমলাপুর আইসিডিতে কনটেইনার হ্যান্ডলিং করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর প্রকল্প এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সিটি রিজিওনাল ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাবও অনুমোদন দেয় ক্রয় কমিটি।