মিরপুরে পুলিশের লাশ উদ্ধার, স্ত্রী আটক
রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে গতকাল শনিবার রাতে মো. হুমায়ুন (৪০) নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী রহিমা সুলতানাকে আটক করা হয়।
মিরপুর থানার পুলিশের দাবি, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুরের পূর্ব মনিপুরের ১০৫০/৩ কাঁঠালতলার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে এএসআই হুমায়ুনের লাশ উদ্ধার করা হয়। তিনি শাহ আলী থানার এএসআই ছিলেন।
আজ রোববার ভোর ছয়টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। হুমায়ুনের পিঠে ও হাতে আঘাতের চিহ্ন ছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, হুমায়ুনের স্ত্রী রহিমা মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেবিকা। পারিবারিক কলহের জের ধরে তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশের দাবি।
এই দম্পতির প্রতিবেশীরা জানান, হুমায়ুন ও রহিমার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। দুই দিন আগেও ঝগড়ার একপর্যায়ে বাসার টেলিভিশন ভাঙার ঘটনা ঘটে।
মিরপুর বিভাগীয় পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।