রাজধানীর দুই পুলিশ কর্মকর্তা আদালতে হাজির হয়ে বলেছেন, মিরপুরে চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনা ঘটেনি। ওই ধর্ষণের অভিযোগের ঘটনায় গতকাল মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন খান।
পুলিশের দুই কর্মকর্তা আদালতে বলেন, এজাহারে গণধর্ষণের কথা বলা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটেনি। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেন। ২১ জুলাই ওই দুই কর্মকর্তাকে আবার আদালতে হাজির হতে বলা হয়েছে।
এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক চিকিৎসক বিলকিস বেগম ওই শ্রমিকের শারীরিক পরীক্ষা ও চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন। এতে বলা হয়, ধর্ষণের আলামত পাওয়া যায়নি। শারীরিক পরীক্ষা ও চিকিৎসাবিষয়ক প্রতিবেদনও হলফনামা আকারে দাখিল করতে বলা হয়েছে। বিলকিস বেগমকেও ২১ জুলাই হাজির হতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জুলাই হাইকোর্টের ওই বেঞ্চ রুল জারির পাশাপাশি ওই ঘটনায় নেওয়া পদক্ষেপ জানাতে মিরপুর বিভাগের ডিসি ও মিরপুর থানার ওসিকে ১৫ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেন। একই সঙ্গে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ককে ক্ষতিগ্রস্তের চিকিৎসাবিষয়ক প্রতিবেদন নিয়ে হাজির হতে বলেন।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম এবং রিটের পক্ষে আইনজীবী মো. আবদুল হালিম শুনানিতে অংশ নেন।
আমাতুল করীম প্রথম আলোকে বলেন, পুলিশের দুই কর্মকর্তা ও সমন্বয়ককে ২১ জুলাই হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ কর্মকর্তাদের বক্তব্য এবং ক্ষতিগ্রস্তের শারীরিক ও চিকিৎসা-সেবাবিষয়ক প্রতিবেদন হলফনামা আকারে এ সময়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ২১ জুলাই আদালত পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।
‘চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণ’ শিরোনামে ৩ জুলাই বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়। প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ৫ জুলাই রিট আবেদনটি করা হয়।