মিরপুরে পোশাক কারখানায় ভাঙচুর, তিন শ্রমিক গ্রেপ্তার
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে এমবিএম গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর করেছেন শ্রমিকেরা। শ্রমিকেরা সড়কে নেমে বেশ কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালান। ঘটনার সময় ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিন শ্রমিক হলেন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান (২৫), রাজীব শিকদার (১৮) ও দেলোয়ার হোসেন (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি এমবিএম গার্মেন্টসের ১৩ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে গতকাল সকাল আটটায় শ্রমিকেরা জড়ো হয়ে ওই শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা এমবিএম গার্মেন্টসে ব্যাপক ভাঙচুর চালাতে থাকেন। ভাঙচুর করতে করতে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। ওই সময় তাঁরা বেশ কটি যানবাহনে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। সকাল আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মিরপুর ১৪ নম্বর থেকে মিরপুর ১০ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের কাজে বাধা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় তিন শ্রমিককে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।