মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে পৃথক ঘটনায় গতকাল শুক্রবার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে কল্যাণপুর প্রধান সড়কের পাশে হাইপয়েড ব্লেজার নামের একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক কাজ ফেলে রাস্তায় নেমে আসেন। তাঁরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় দুই দিকের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার পর পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। হাইটেক পোশাক কারখানার শ্রমিকেরা জানান, জুলাই মাসের বেতন এই মাসের ১০ তারিখে দেওয়ার কথা থাকলেও মালিক তা দেননি। তাঁদের বেতন পরিশোধ করা না হলে তাঁরা আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামলেও কোনো যানবাহন ভাঙচুর করেননি।এদিকে গতকাল সকালে পূর্ব শেওড়াপাড়ায় বন্ধ ঘোষিত আউট রাইট ফ্যাশন লিমিটেড খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।কাফরুল-পল্লবী অঞ্চলের পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সিরাজ আমীন প্রথম আলোকে বলেন, পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে এমন খবরে সকালে ২০০ থেকে ৩০০ শ্রমিক জড়ো হন। এ সময় তাঁরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর তাঁরা চলে যান। তবে তাঁরা কোনো যানবাহন ভাঙচুর করেননি।