মিরপুরে প্রকাশ্যে গুলি করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে গুলি করে বিদেশ গমনেচ্ছু এক যুবকের প্রায় সাড়ে চার লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। বাঁ পায়ে গুলিবিদ্ধ আবদুস সামাদকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সামাদ জানান, গতকাল বিকেল চারটার দিকে দারুস সালাম রোডের সিটি ব্যাংকের শাখা থেকে চার লাখ ৪০ হাজার টাকা তুলে রিকশায় ১৪৯ নবাবের বাগ দক্ষিণপাড়ার বাসায় যাচ্ছিলেন। রিকশাটি মিরপুর ১ নম্বর সেকশনের বি-ব্লকের ৬ নম্বর সড়কে এলে দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী এসে তাঁর কাছে টাকার ব্যাগ চায়। তিনি না দিতে চাইলে তারা বাঁ পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে জনতা ধাওয়া করলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সামাদ জানান, তাঁর বড় ভাই ফ্রান্সপ্রবাসী। তিনিও ফ্রান্সে যাওয়ার চেষ্টা করছেন। এ জন্য ব্যাংক থেকে টাকা তুলেছিলেন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা করছে।