মিরপুরে প্রচারণার সময় হামলায় আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় প্রচার চালানোর সময় বিএনপির মেয়র প্রার্থী আবদুল আজিজ খান ও তাঁর কর্মীদের ওপর হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। দলীয় মনোনয়নবঞ্চিত রহমত আলী রব্বানের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে আবদুল আজিজ খানকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাগীব রউফ প্রচারণায় নামেন। এ সময় পৌর বিএনপির সভাপতি রহমত আলী রব্বানের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে ব্যারিস্টার রাগীব রউফ, জেলা যুবদলের সদস্য হেলাল উদ্দিন, যুবদলের কর্মী দেলোয়ার হোসেনসহ সাতজন আহত হন। এঁদের মধ্যে হেলাল উদ্দিন ও দেলোয়ারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর বলেন, ‘সন্ধ্যা সাতটায় মিরপুর বাজারে প্রচার চালানোর সময় বিএনপির একটি অংশের নেতারা হঠাৎ হামলা করেন। এতে আমিসহ সাতজন আহত হয়েছি। হামলাকারীরা সবাই আমার চেনা। এ ঘটনা ন্যক্কারজনক।’
রহমত আলী রব্বান হামলার ঘটনায় তাঁর সমর্থকদের জড়িত থাকার অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেন।