মিরপুরে প্রথমার বইমেলা শুরু

বিশিষ্ট লেখক, শিক্ষক ও ছাত্রদের সম্মিলনে শুরু হলো প্রথমা প্রকাশনের মিরপুর বইমেলা। গতকাল সোমবার মিরপুরের শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ছয় দিনব্যাপী এই বইমেলা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ, রশীদ হায়দার, জাফর আলম, মোরশেদ শফিউল হাসান, আখতার হুসেন, আলতাফ হোসেন, আনিসুল হক এবং শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম শহীদুল ইসলাম তালুকদার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম। অতিথিরা একসঙ্গে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।
লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক আবু তালেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মানুষের জীবনের যথাযথ বিকাশের জন্য বইয়ের বিকল্প নেই। একজন শহীদ সাংবাদিকের নামাঙ্কিত স্কুলে এই বইমেলা হচ্ছে, এটি অত্যন্ত আনন্দদায়ক ঘটনা। তিনি বলেন, মেলা তো কত রকমের হয়, তার মধ্যে বইমেলা হলো রসের মেলা। ছেলেমেয়েরা টেলিভিশন দেখবে, কম্পিউটার ব্যবহার করবে, কিন্তু সঙ্গে বই থাকা চাই। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ব্যাপারে গুরুত্ব আরোপ করে কথাশিল্পী রশীদ হায়দার বলেন, ইতিহাস জানার প্রধান উপায় হলো বই পড়া। কথাশিল্পী আনিসুল হক বিল গেটসের উদাহরণ দিয়ে বলেন, শুধু স্কুল-কলেজে পাঠ্যবই পড়ে বড় হওয়া যায় না। বড় হতে হলে স্বপ্ন দেখতে জানতে হয়। বিল গেটস বলেছেন, তিনি পাঠ্যবইয়ের বাইরের বই পড়ে স্বপ্ন দেখতে শিখেছেন এবং আজ এত বড় হয়েছেন।
ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার পর্যন্ত।