মিরপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস

মিরপুর ১২ নম্বরে ইলিয়াছ মোল্লা বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে ১৪টি ইউনিট কাজ করলেও পর্যায়ক্রমে আরও ৯টি ইউনিট তাঁদের সঙ্গে যোগ দিয়েছে। বর্তমানে ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়।
আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে ওঠা বস্তিটিতে সাত থেকে আট হাজার টিন এবং কাঠের তৈরি ঘর ছিল। এসব ঘরে প্রায় ২৫ হাজারের মতো মানুষ বসবাস করত বলে স্থানীয় লোকজন জানান।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহত হওয়ার খবরও নিশ্চিত করতে পারেননি কেউ। আগুন নিয়ন্ত্রণের পর এসব বিষয়ে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়। এখন পর্যন্ত পাওয়া খবরে বস্তিটির বেশিরভাগ ঘরই আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।